কাগজহীন অফিস প্রতিষ্ঠায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দুদিনব্যাপী ডি-নথি প্রশিক্ষণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি প্রশিক্ষণ শুরু

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজে ডি-নথির ব্যবহার নিশ্চিত করতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
  • ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর নির্দেশনায় প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়।
  • ২৫ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ শেষে নিজ নিজ দপ্তরে মাস্টার ট্রেইনার হিসেবে কাজ করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডি-নথি প্রশিক্ষণ শুরু
২১ আগষ্ট, ২০২৬ ১৯:২০  
২২ আগষ্ট, ২০২৬ ০৭:২৯  

দাপ্তরিক কাজে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি সম্পূর্ণ কাগজহীন (পেপারলেস) কার্যালয় বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দুই দিনব্যাপী 'ডি-নথি' বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজনে শুক্রবার (২১ আগস্ট) সকালে মূল ক্যাম্পাসে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সরাসরি নির্দেশনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। দাপ্তরিক নানা প্রশাসনিক জটিলতা নিরসন ও ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থাপনা গড়ে তুলতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে তারা মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নিজ নিজ বিভাগে ডিজিটাল নথি কার্যক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।

দুই দিনব্যাপী এ আয়োজনে ই-নথি ও ডি-নথির তাত্ত্বিক ও ব্যবহারিক দিক, লগইন প্রক্রিয়া, প্রোফাইল ম্যানেজমেন্ট, ডাক ট্র্যাকিং, অনলাইনে সিদ্ধান্ত গ্রহণ, নোট উপস্থাপন ও ডিজিটাল নথি নম্বর তৈরি শেখানো হচ্ছে। প্রশিক্ষণে বিশেষজ্ঞ হিসেবে সেশন পরিচালনা করছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম ও উপ-পরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

অনুষ্ঠানে সমন্বয়ক ও ফ্যাসিলেটর হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ কামাল হাছান। ২২ আগস্ট, শনিবার মূল্যায়নের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হবে এবং সফল অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।
//ডিবিটেক/ডিএসএন/এনএপি/এসএমই//