• উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে যবিপ্রবিতে অ্যাক্রেডিটেশন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
  • অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য ড. শাহ এমরান।
  • সভাপতিত্ব করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইয়ারুল কবীর।

উচ্চশিক্ষার মানোন্নয়নে যবিপ্রবিতে বিশেষ মতবিনিময়

উচ্চশিক্ষার মানোন্নয়নে যবিপ্রবিতে বিশেষ মতবিনিময়
১৮ আগষ্ট, ২০২৬ ১৬:০১  

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি ও বিশ্বমানের অ্যাক্রেডিটেশন অর্জনের কৌশল নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে “কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন” শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ এমরান বলেন, “বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল হলো দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মান নিশ্চিতকরণ ও প্রত্যয়নকারী একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। কাউন্সিলের প্রধান কাজ ও দায়িত্ব হলো সুনির্দিষ্ট বিষয়ের মান যাচাইয়ের জন্য পৃথক ডিসিপ্লিন ভিত্তিক অ্যাক্রেডিটেশন কমিটি গঠন করা ও আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করা। আমরা দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসহ তাদের অ্যাকাডেমিক প্রোগ্রামের মান যাচাই করে সনদ প্রদান করে থাকি। তাছাড়া উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে বিশ্বব্যাপী পরিমন্ডলে পরিচিত করার উদ্যোগ গ্রহণ করা হয়। আপনাদের সহযোগিতার ব্যাপারে আমরা সর্বদা তৎপর এবং আমাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে।”

অনুষ্ঠানের সভাপতি ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর বলেন, “বাংলাদেশের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নতকরণে অ্যাক্রেডিটেশনের কোনো বিকল্প নেই। অ্যাক্রেডিটেশন থাকলে দেশের শিক্ষার্থীরা যেমন বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন পাবে, ঠিক তেমনি অ্যাক্রেডিটেশন থাকা বিভাগগুলোতে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাবে। এটি দেশের শিক্ষা পদ্ধতির জন্য কল্যাণকর এবং আন্তর্জাতিক মানের র্যাঙ্কিং অর্জনে আবশ্যক। এ বিষয়ে আমি সকলকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “বাংলাদেশের উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিশ্চিত করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়ার জন্য যে নির্দিষ্ট মানদণ্ড রয়েছে, সে ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। প্যানেল আলোচনা পর্বে বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ স্ব-স্ব বিভাগের শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অ্যাক্রেডিটেশন অর্জনের কৌশলগত দিক নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিস-উল-হকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।                                                                                                          //ডিবিটেক/এমএমএইচ/এসএমই//