১৮০ জন মেধা তালিকায়, ইন্দোনেশিয়া আন্তর্জাতিক অলিম্পিয়াডের প্রস্তুতি শুরু

চার শহরে অনুষ্ঠিত হলো বিডিএমএসও ২০২৬

  • চার শহরে ৮০০ শিক্ষার্থীর মধ্যে ১৮০ জন বিজয়ী
  • ১১-২০ আগস্ট অনলাইনে অনুষ্ঠিত হবে জাতীয় ক্যাম্প
  • ইন্দোনেশিয়ায় ২৩তম আইএমএসও-তে অংশ নেবে চূড়ান্ত দল

চার শহরে অনুষ্ঠিত হলো বিডিএমএসও ২০২৬
৮ আগষ্ট, ২০২৬ ২১:০৫  

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত দেশের অন্যতম বৃহৎ মেধা যাচাই প্রতিযোগিতা ‘বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) ২০২৬’-এর জাতীয় পর্ব আজ শনিবার ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেটে একযোগে অনুষ্ঠিত হয়েছে। চার শহরের প্রায় আটশত প্রতিযোগীর মধ্য থেকে সর্বমোট ১৮০ জন শিক্ষার্থীকে বিজয়ী নির্বাচিত করা হয়েছে।

ঢাকার সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পর্বে ৫৫২ জন শিক্ষার্থীর মধ্যে ১২৮ জন বিজয়ী হয়। এছাড়া চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১১৫ জনের মধ্যে ২৭ জন, রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ৪৭ জনের মধ্যে ১৩ জন এবং সিলেটের মুহিবুর রহমান একাডেমিতে ৪৪ জনের মধ্যে ১২ জন বিজয়ী হয়েছে। গণিত ও বিজ্ঞান দুই বিভাগে আয়োজিত মূল পরীক্ষার পর সুমোবট ফাইট, পাপেট শো, ম্যাজিক শো এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মূল আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিএসবি ও বিডিওএসএন-এর সভাপতি মুনির হাসান এবং বিশেষ অতিথি ছিলেন ব্রাদার লিও জেমস পেরেরা, সিএসসি।

সিলেটে জাতীয় পর্বের একজন বিজয়ী হবিগঞ্জ বানিয়াচং থানার চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার বলেন, এরকম অলিম্পিয়াডে এটা তার প্রথম অংশগ্রহণ। তার অসাধারণ অভিজ্ঞতা অর্জিত হয়েছে। সে পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। পরবর্তী ধাপগুলোর জন্য সে অনেক উৎসাহী।

তার বাবা শেখ আবুল মনসুর আহমদ বলেন, “আমরা কল্পনাও করতে পারিনি এতো দূর থেকে এসে, সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থী হিসেবে আমার মেয়ে পুরস্কার পাবে। এতে বুঝা যায়, অলিম্পিয়াডের রেজাল্ট প্রক্রিয়াটা খুবই স্বচ্ছ। আর অলিম্পিয়াডে বাচ্চাদেরকে যেসমস্ত গিফট দেয়া হয়েছে সেগুলো খুবই ভাল লেগেছে। বাচ্চারা এগুলো পেয়ে খুবই খুশি হয়েছে। আয়োজকরা খুবই আন্তরিক ছিল। তাঁদেরকে অনেক ধন্যবাদ জানাই।”

গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২তম আইএমএসওতে বাংলাদেশের ১২ সদস্যের দল শতভাগ সাফল্য অর্জন করে ২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক জেতে।

বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে আগামী ১১ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে জাতীয় ক্যাম্প অনুষ্ঠিত হবে। এরপর ২১ ও ২২ আগস্ট যথাক্রমে গণিত ও বিজ্ঞানের দল নির্বাচনী পরীক্ষার মাধ্যমে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের (আইএমএসও) বাংলাদেশ দল গঠন করা হবে। প্রতিযোগিতার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে official ওয়েবসাইট bdmso.org-এ।

//ডিবিটেক/ টিআর/ এসমই//