‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে ভাইস-চ্যান্সেলর কর্তৃক নতুন বৃত্তি ও স্মারক স্মৃতিফলকের ঘোষণা

শাবিপ্রবিতে শহীদ রুদ্র সেনের নামে ১০ লাখ টাকার মেধাবৃত্তি

  • শহীদ রুদ্র সেনের স্মরণে শাবিপ্রবিতে প্রতি বছর ১০ লাখ টাকার মেধাবৃত্তি দেওয়ার ঘোষণা দেন উপাচার্য
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, প্রীতিভোজ, আলোকসজ্জা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়
  • ক্যাম্পাসের আবাসন সংকট নিরসন, কিলোরোড আরসিসি ঢালাই ও টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ চালুর আশ্বাস

শাবিপ্রবিতে শহীদ রুদ্র সেনের নামে ১০ লাখ টাকার মেধাবৃত্তি
৫ আগষ্ট, ২০২৬ ২০:০৭  

জুলাই গণঅভ্যুত্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিহত শিক্ষার্থী শহীদ রুদ্র সেনের স্মরণে প্রতি বছর ১০ লাখ টাকার 'শহীদ রুদ্র সেন মেধাবৃত্তি' দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যায়ল প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এ ঘোষণা দেন।

উপাচার্য জানান, মেধাবৃত্তি পরিচালনার জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং ফান্ড বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া শিগগিরই ক্যাম্পাসে শহীদ রুদ্র সেনের নামে একটি স্থায়ী স্মৃতিফলক স্থাপন করা হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের জন্য বিভাগে 'টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ' চালু, কিলোরোডে আরসিসি ঢালাই কাজ শুরু এবং খাবারের মান বৃদ্ধির আশ্বাস প্রকাশ করেন।

বর্ণাঢ্য নানা আয়োজনে শাবিপ্রবিতে দিবসটি পালিত হয়। সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়ে ক্যাম্পাসজুড়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। দিবসটি উদযাপনে ক্যাম্পাসে আলোকসজ্জা করার পাশাপাশি প্রথমবারের মতো সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের (ফিস্ট) আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/ এসআই/এনএপি/