গুচ্ছ ভর্তি পরীক্ষায় এআই ব্যবহারে নোপ্রবি শিক্ষার্থী বহিষ্কার

গুচ্ছ ভর্তি পরীক্ষায় এআই ব্যবহারে  নোপ্রবি শিক্ষার্থী বহিষ্কার
১০ এপ্রিল, ২০২৬ ১৪:১২  
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
১০ এপ্রিল, শুক্রবার নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটে।
জানা গেছে, পরীক্ষা চলাকালীন দায়িত্বরত পরিদর্শকরা এক পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন দেখতে পান। পরবর্তীতে যাচাই-বাছাই করে দেখা যায়, তিনি মোবাইলের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা জেমিনি ব্যবহার করে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে তাকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, এদিন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নোবিপ্রবিসহ মোট ৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এতে ১০,৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৭,৮০১ জন এবং অনুপস্থিত ছিল ২,৯৯৬ জন। উপস্থিতির হার ছিল ৭২.২৫ শতাংশ।
এদিকে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার দফতর জানিয়েছে, গত বুধবার পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সমাজকর্ম বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুইজনকে এক বছরের (দুই টার্ম) জন্য এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের সিএসটিই বিভাগের একজনকে ছয়মাস (এক টার্ম) বহিষ্কার করা হয়েছে।
কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে যেন কেউ এমন কর্মকাণ্ডে জড়াতে না পারে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে সার্বিকভাবে কঠোর নজরদারি বজায় রাখা হয় এবং নোয়াখালী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পরীক্ষার পরিবেশ নিরাপদ রাখা হয়েছে। প্রশাসনের কঠোর তৎপরতার কারণে সামগ্রিকভাবে পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
ডিবিটেক/প্রবাপ্র/ইকে