‘স্মার্ট ড্রাগন-৩’ রকেটের মাধ্যমে উজবেকিস্তান ও ইন্দোনেশিয়ার জন্য বিশেষ স্যাটেলাইট উৎক্ষেপণ

চীন মহাকাশে পাঠাল এআই প্রযুক্তিসমৃদ্ধ দূর-অনুধাবন উপগ্রহ

  • শানডং উপকূলে স্মার্ট ড্রাগন-৩ রকেটে এআই চালিত দুটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে
  • স্টার ডট এআই নির্মিত উপগ্রহ দুটি মহাকাশেই সরাসরি তথ্য বিশ্লেষণ ও অন-বোর্ড কম্পিউটিং করবে
  • স্যাটেলাইটগুলো উজবেকিস্তানের তুলা শিল্প এবং ইন্দোনেশিয়ার কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবে

চীন মহাকাশে পাঠাল এআই প্রযুক্তিসমৃদ্ধ দূর-অনুধাবন উপগ্রহ
৬ আগষ্ট, ২০২৬ ০৯:৫৪  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ দুটি উচ্চক্ষমতাসম্পন্ন দূর-অনুধাবন উপগ্রহ সফলভাবে নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে চীন। গত বুধবার (৫ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের উপকূলীয় জলসীমা থেকে ‘স্মার্ট ড্রাগন-৩’ রকেটের মাধ্যমে সমুদ্রভিত্তিক উৎক্ষেপণ ব্যবস্থার সাহায্যে এই উপগ্রহ দুটি মহাকাশে পাঠানো হয়। সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, এটি ছিল স্মার্ট ড্রাগন-৩ রকেটের ১২তম সফল মিশন।

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান 'স্টার ডট এআই স্পেশিও-টেম্পোরাল ইন্টেলিজেন্স টেকনোলজি কোম্পানি লিমিটেড' কর্তৃক নির্মিত এই উপগ্রহগুলো উজবেকিস্তান ও ইন্দোনেশিয়াকে স্বয়ংক্রিয় রিমোট সেন্সিং সেবা দেবে। প্রচলিত স্যাটেলাইটের মতো সংগৃহীত সব ডেটা পৃথিবীতে পাঠিয়ে বিশ্লেষণের বদলে, এআইচালিত এই উপগ্রহগুলো মহাকাশেই সরাসরি অন-বোর্ড ডেটা প্রসেসিং ও কম্পিউটিং সম্পূর্ণ করতে সক্ষম। ফলে দুর্যোগের আগাম সতর্কতা কিংবা কৃষি সিদ্ধান্তের জন্য কয়েক ঘণ্টার পরিবর্তে মাত্র কয়েক মিনিটের মধ্যে বিশ্লেষণাত্মক তথ্য পাওয়া সম্ভব হবে।

বিশেষায়িত কাজের অংশ হিসেবে একটি উপগ্রহ উজবেকিস্তানের তুলা শিল্পের বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সম্পূর্ণ উৎপাদন চক্র পর্যবেক্ষণ করবে। অন্য উপগ্রহটি ইন্দোনেশিয়ার ফসলের বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মূল্যায়নে সহায়তা করবে। মহাকাশ প্রযুক্তি ও এআই-এর এই সমন্বিত ব্যবহারে চীন বিশ্বজুড়ে আবহাওয়া পূর্বাভাস, খনিজ অনুসন্ধান ও দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক সেবার নতুন দুয়ার উন্মোচন করল।

//ডিবিটেক/ডিজেও /এমএসআই//