তথ্যপ্রযুক্তি ও টেলিকম সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতার অঙ্গীকার নতুন কমিটির

টিআরএনবির নতুন সভাপতি রবিন ও সম্পাদক ফারুক

  • টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশের (টিআরএনবি) নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে
  • সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম মাসুদুজ্জামান রবিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন
  • আগামী মেয়াদে তথ্যপ্রযুক্তি খাতের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে কমিটি

টিআরএনবির নতুন সভাপতি রবিন ও সম্পাদক ফারুক
৩১ জুলাই, ২০২৬ ০০:১৭  

দেশের টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ’ (টিআরএনবি)-এর নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদে যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক এস এম মাসুদুজ্জামান রবিন সভাপতি এবং দৈনিক ইনকিলাবের ফারুক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পর্যটন নগরী কক্সবাজারের একটি হোটেলে ৩০ জুলাই, বৃহস্পতিবা সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গঠিত কমিটিতে এস এম মাসুদুজ্জামান রবিন সাধারণ সম্পাদক এবং ফারুক হোসেন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নবগঠিত ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— কোষাধ্যক্ষ পদে টেকশহরের আল-আমিন দেওয়ান (সদ্য বিদায়ী সাংগঠনিক সম্পাদক) এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সমকালের হাসনাইন ইমতিয়াজ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য (ইসি মেম্বার) পদে নির্বাচিত হয়েছেন বিদায়ী সভাপতি সমীর কুমার দে (দৈনিক ইত্তেফাক), সময় টেলিভিশনের শুভ খান এবং দ্য ডেইলি স্টারের মাহমুদুল হাসান।

সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্বাস ফারুক। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মহিউদ্দিন মোহাম্মদ হাসান ভূঁইয়া এবং ইসমাঈল হোসেন।

নির্বাচন শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী মেয়াদে দেশের দ্রুত বিকাশমান তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার করা এবং সংগঠনের সদস্যদের কল্যাণে টিআরএনবি আরও কার্যকর ভূমিকা পালন করবে।
//ডিবিটেক/ আইএইচ/ এসএম//