প্রযুক্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতায় ডাক বিভাগ ও নগদকে জনবান্ধব করার তাগিদ মন্ত্রীর
ডাক বিভাগ ও নগদকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের শুভ উদ্বোধন এবং নগদের সংগৃহীত রাজস্ব থেকে ডাক অধিদপ্তরকে ১৮.৫৭ কোটি টাকার মুনাফা হস্তান্তর করা হয়েছে।
আধুনিক সফটওয়্যার, উন্নত প্রযুক্তিগত সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে ডাক বিভাগ এবং ডিজিটাল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-কে আরও আস্থাশীল ও জনবান্ধব করে তোলার তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সাথে নগদ বিক্রি নিয়ে বাজারে প্রচারিত সমস্ত রিউমার বা গুজবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ও সরকারি ব্যবস্থাপনাতেই এ প্রতিষ্ঠানের দক্ষতা ও লাভজনকতা অব্যাহত থাকবে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) রাজধানীর আগারগাঁওস্থ ডাক ভবনে আয়োজিত ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের শুভ উদ্বোধন এবং ২০২৫-২৬ অর্থবছরের সংগৃহীত রাজস্ব থেকে মুনাফার অংশ হিসেবে ১৮ কোটি ৫৭ লাখ টাকা ডাক অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি এবং উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
গুজব উড়িয়ে আস্থার বার্তা: প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “ডাক বিভাগকে আরও জনপ্রিয় ও যুগোপযোগী করার নানামুখী উদ্যোগ চলমান রয়েছে। 'নগদ' বিক্রি নিয়ে যেসব অপপ্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।” তিনি আরও যোগ করেন, বাজার প্রতিযোগিতা অক্ষুণ্ণ রেখে নগদের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী করাই সরকারের মূল লক্ষ্য।
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস ও নতুন কর্মসংস্থান: ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি বিশ্বের বিভিন্ন দেশে সফল হওয়া একটি পরীক্ষিত মডেল। বাংলাদেশে এই উদ্যোগের মাধ্যমে ডাকসেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। পর্যায়ক্রমে দেশের সব পোস্ট অফিসকে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালনার সুযোগ তৈরি করা গেলে একদিকে যেমন নাগরিক সেবার পরিধি বৃদ্ধি পাবে, অন্যদিকে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। কার্যক্রম পরিচালনায় ফ্র্যাঞ্চাইজি উদ্যোক্তাদের ডাক বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।
নগদের রাজস্ব হস্তান্তর ও আধুনিকায়ন: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান সাফল্য এনেছে, যার অন্যতম বড় উদাহরণ নগদের এই মুনাফা অর্জন। তিনি উল্লেখ করেন, দেশের ৯ হাজারের বেশি পোস্ট অফিসকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে, যাতে প্রান্তিক জনগোষ্ঠীও সহজে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা লাভ করতে পারেন। চলতি অর্থবছরে নগদ যে পরিমাণ কর ও রাজস্ব যোগ করেছে, তা দেশের অর্থনীতি ও রাজস্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব বিলকিস জাহান রিমি বলেন, ডাক বিভাগের সঙ্গে নগদের অংশীদারিত্বের কারণে সরকারের রাজস্ব অর্জনের পাশাপাশি জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ সেবা নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
//ডিবিটেক/এসএমআই/এমএসআই//





