ওপেনএআইয়ের ২৫ হাজার কোটি ডলার ঋণের জামিনদার হচ্ছে এনভিডিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের ইতিহাসে এযাবৎকালের অন্যতম বড় আর্থিক সমঝোতার আলোচনা চলছে। চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে প্রায় ২৫ হাজার কোটি ডলারের ঋণের জামানত বা ফিন্যান্সিয়াল গ্যারান্টি দিতে পারে গ্রাফিক্স চিপ প্রস্তুতকারক পরাশক্তি এনভিডিয়া। বিশ্বখ্যাত মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি বিশেষ প্রতিবেদনে এই মেগা প্রকল্পের তথ্য উঠে এসেছে।
আমেরিকার ওহাইও রাজ্যে ১০ গিগাওয়াটের মেগা প্রকল্প
প্রতিবেদন অনুযায়ী, জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংক গ্রুপের বিদ্যুৎবিষয়ক অঙ্গপ্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ওহাইও রাজ্যে ১০ গিগাওয়াটের এক বিশাল ডেটা সেন্টার হাব গড়ে তুলছে। বিশাল এই ডেটা সেন্টার ইজারা বা ভাড়া নেওয়ার দৌড়ে রয়েছে ওপেনএআই। পুরো প্রকল্পটি বাস্তবায়নে ও চিপ সংযোজনে খরচ হতে পারে ৫০ হাজার কোটি ডলারেরও বেশি।
এনভিডিয়ার প্রস্তাবিত ২৫ হাজার কোটি ডলারের জামানত মূলত ডেটা সেন্টারের জমি ইজারা ও নির্মাণ সংক্রান্ত ঋণের নিরাপত্তার জন্য প্রযোজ্য হবে। এর বাইরে ওপেনএআই যেন আলাদাভাবে সাড়ে ৩৫ হাজার কোটি ডলারের চিপ কিনতে পারে, সেজন্যও অর্থায়নের উপায় নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে কথা হচ্ছে। এনভিডিয়ার এই দৃঢ় সমর্থনের ফলে ব্যাংক ও অন্যান্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে ওপেনএআইয়ের আর্থিক গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে যাবে।
নিজস্ব অবকাঠামোর মালিকানার দিকে ওপেনএআই
এতদিন পর্যন্ত মাইক্রোসফট, অ্যামাজন কিংবা ওরাকলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ক্লাউড অবকাঠামো ভাড়া নিয়ে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল পরিচালনা করে আসছে ওপেনএআই। প্রস্তাবিত এই চুক্তিটি চূড়ান্ত হলে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো নিজস্ব ডেটা সেন্টার নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ পাবে। অন্যদিকে, এর মাধ্যমে এনভিডিয়াও আগামী বহু বছরের জন্য নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপের বিশাল বাজার নিশ্চিত করতে পারবে।
পরিকল্পনা অনুযায়ী, এই মেগা প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ হতে পারে ২০২৮ সালে, যা থেকে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। প্রকল্পটিতে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি সরাসরি মার্কিন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সম্প্রতি জাপানের সাথে মার্কিন বাণিজ্য চুক্তির আওতায় আন্তর্জাতিক অর্থায়ন পাচ্ছে।
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকের তত্ত্বাবধানে বিদ্যুৎ বরাদ্দের প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে। অ্যানথ্রোপিক, গুগল ও মাইক্রোসফটের মতো অন্যান্য পরাশক্তিগুলোও এই প্রকল্পের ক্ষমতার অংশ পেতে আগ্রহী হলেও ওপেনএআইই বর্তমানে সবচেয়ে অগ্রগামী অবস্থানে রয়েছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





