এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ গ্রামীণফোনের দ্বৈত স্বীকৃতি

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ গ্রামীণফোনের দ্বৈত স্বীকৃতি
২৬ জুলাই, ২০২৬ ১৫:০৮  

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ সম্মাননায় ভূষিত হয়েছে। টেকসই ব্যবসায়িক অনুশীলন, পরিবেশবান্ধব উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরিতে প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি এ সম্মাননা অর্জন করে।

একই অনুষ্ঠানে নেটওয়ার্ক পরিচালনায় জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগের জন্য ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ পুরস্কারও অর্জন করেছে গ্রামীণফোন।

প্রতিষ্ঠানটি জানায়, তাদের ব্যবসায়িক কার্যক্রমে পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) নীতিমালার সমন্বিত প্রয়োগের ফলেই এ আন্তর্জাতিক স্বীকৃতি এসেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ডিজিটাল অন্তর্ভুক্তি, দায়িত্বশীল ব্যবসা পরিচালনা এবং কমিউনিটির ক্ষমতায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে কোম্পানিটি।

গ্রামীণফোন ২০১৯ সালকে ভিত্তি বছর ধরে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে নেটওয়ার্ক পরিচালনায় আরও জ্বালানি-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বাড়ানো হচ্ছে।

গ্রামীণফোনের হেড অব এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) ফারহানা ইসলাম বলেন, ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ পুরস্কারটি টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে গ্রামীণফোনের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে। পাশাপাশি ‘মোস্ট সাস্টেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দি ইয়ার’ স্বীকৃতি আরও জ্বালানি-সাশ্রয়ী ও টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার প্রচেষ্টার স্বীকৃতি।

তিনি বলেন, মানুষ, সমাজ ও পরিবেশের জন্য আরও নিরাপদ ও স্মার্ট ভবিষ্যৎ গড়ে তুলতে অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে গ্রামীণফোন।

//ডিবিটেক/এমএ/এসআই//