দক্ষতা বৃদ্ধি ও টেকসই কর্মসংস্থানে সমন্বিত ডিজিটাল ডেটাবেজ গড়ার তাগিদ
অনানুষ্ঠানিক খাতের দক্ষতা উন্নয়নে আইএসআইএসসির পর্যালোচনা কর্মশালা
- আগারগাঁওয়ে আইএসআইএসসি–ইবিটি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত
- একই ব্যক্তির বারবার প্রশিক্ষণ রোধে সমন্বিত তথ্য যাচাইয়ের আহ্বান
- অ্যাসেট প্রকল্পের অধীনে অনানুষ্ঠানিক খাতের হাজারো কর্মীর দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান
অনানুষ্ঠানিক খাতের কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিতকরণ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘আইএসআইএসসি–ইবিটি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন অডিটোরিয়ামে ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (আইএসআইএসসি) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রশিক্ষণের পুনরাবৃত্তি রোধ, তথ্য যাচাই এবং একটি সমন্বিত ডিজিটাল তথ্যব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অ্যাসেট (ASSET) প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এন্টারপ্রাইজভিত্তিক প্রশিক্ষণ (ইবিটি) কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও সমস্যা চিহ্নিতকরণ ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বলেন, “শুধু প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়ানো নয়, অরিজত দক্ষতা, মূল্যায়নে সফলতা এবং প্রকৃত কর্মসংস্থানই সাফল্যের মূল সূচক। একই প্রশিক্ষণার্থী যাতে একাধিক প্রকল্পে বারবার প্রশিক্ষণ না নেন, সে জন্য সমন্বিত ডিজিটাল তথ্যব্যবস্থা ও আন্তঃপ্রতিষ্ঠান তথ্য বিনিময় জরুরি।”
কর্মশালায় সভাপতিত্ব করেন আইএসআইএসসি চেয়ারম্যান মির্জা নুরুল গনি শোভন। তিনি অনানুষ্ঠানিক খাতের কর্মীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ওপর জোর দেন। বিশেষ অতিথি হিসেবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রকৌশলী আবুল খায়ের মো. আক্কাস আলী প্রশিক্ষণস্থলে নিরাপত্তা সামগ্রী নিশ্চিতকরণ ও নিয়মিত ডেটা হালনাগাদের আহ্বান জানান। কর্মশালায় উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, প্রকল্পের বিভিন্ন পর্যায়ে ইতিপূর্বে হাজার হাজার কর্মী প্রশিক্ষণ সম্পন্ন করে সফলভাবে কর্মসংস্থানে যুক্ত হয়েছেন এবং বর্তমানে চতুর্থ পর্যায়ে ৪১,৭৬০ জন প্রশিক্ষণার্থী নিবন্ধিত রয়েছেন।
//ডিবিটেক/ সংবাদ/ সম্পাদনা//





