এআইকে সহায়ক হিসেবে নিয়ে মানসম্মত আইটি সেবা সুনিশ্চিত করার আহ্বান ভিসি ড. মাহমুদ আব্দুল মতিনের

চুয়েটে সিএসই বিভাগের দিনব্যাপী এআই ও আইটি কর্মশালা অনুষ্ঠিত

  • চুয়েট সিএসই বিভাগ ও মাইসফট হেভেন বিডি লিমিটেডের যৌথ উদ্যোগ
  • সময় ও খরচ বাঁচিয়ে ত্রুটিমুক্ত সফটওয়্যার তৈরিতে এআই ব্যবহারের তাগিদ
  • একাডেমিক ও ইন্ডাস্ট্রি সেতুর মাধ্যমে জাতীয় সমস্যা সমাধানের আহ্বান

চুয়েটে সিএসই বিভাগের দিনব্যাপী এআই ও আইটি কর্মশালা অনুষ্ঠিত
২৫ জুলাই, ২০২৬ ১৩:২৪  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে “চ্যালেঞ্জেস অব কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট উইথ এআই অ্যান্ড আইটি এন্টারপ্রেনারশিপ” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই (শনিবার) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত এই কর্মশালায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান ‘মাইসফট হেভেন (বিডি) লিমিটেড’।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “ব্যবসা পরিচালনা, খাদ্য নিরাপত্তা, এনার্জি সক্ষমতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তাসহ প্রযুক্তির সর্বক্ষেত্রে এআই-এর আধিপত্য বাড়ছে। বিশেষ করে কম সময় ও খরচে নির্ভুল সফটওয়্যার তৈরিতে এআই প্রযুক্তি এক উদীয়মান সম্ভাবনা। শিক্ষার্থীদের এআই প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি এর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। তবে এআইকে নিয়ামক নয়, সহায়ক শক্তি হিসেবে ব্যবহার করে গুণগত আইটি সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য হতে হবে।”

অনুষ্ঠানে রিসোর্স পারসন ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মাইসফট হেভেন (বিডি) লিমিটেডের সিইও প্রকৌশলী মো. মোফাখ্খারুল ইসলাম, ম্যানেজিং পার্টনার ক্যাপ্টেন (অব.) প্রকৌশলী তারিকুল আযম লিনকন, সলিউশন আর্কিটেক্ট প্রকৌশলী দেবব্রত সরকারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও কর্মশালার কো-অর্ডিনেটর মীর মু. সাক্বী কাওসার। অনুষ্ঠানে সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় এআই-এর চ্যালেঞ্জ মোকাবিলা করে মানসম্মত সফটওয়্যার তৈরির বিভিন্ন দিক হাতে-কলমে উপস্থাপন করা হয়।

//ডিবিটেক/ আইইএম/ এসএমই//