বাইটড্যান্সের জন্য কাস্টম চিপ তৈরিতে আলোচনায় কোয়ালকম
বৈশ্বিক স্মার্টফোন বাজারের মন্দাভাব কাটাতে এবং নিজস্ব আয়ের উৎস বহুমুখী করতে এক বড় পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট কোয়ালকম। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের ‘বাইটড্যান্স’-এর জন্য কাস্টম চিপ ডিজাইন বা বিশেষায়িত চিপ তৈরির বিষয়ে আলোচনা চালাচ্ছে কোম্পানিটি।
এই আলোচনা সফল হলে বাইটড্যান্স হবে কোয়ালকমের নতুন চিপ-ডিজাইন সার্ভিস অনুষঙ্গের অন্যতম প্রথম এবং সবচেয়ে বড় গ্রাহক। সেলুলার যোগাযোগের জন্য স্মার্টফোনের মডেম চিপ সরবরাহে কোয়ালকম বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান।
চিপের ধরণ ও প্রযুক্তিগত অংশীদারিত্ব
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, কোয়ালকম মূলত বাইটড্যান্সের জন্য কাস্টম চিপ ডিজাইন করার বিষয়ে আলোচনা করছে। এই চিপ তৈরিতে আংশিকভাবে ‘আলফাওয়েভ সেমি’-র হাই-স্পিড কানেক্টিভিটি প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, যা গত বছর কোয়ালকম অধিগ্রহণ করেছিল।
আলোচনার সাথে যুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন, এই প্রজেক্টে মূলত ভিডিও প্রসেসিং ইউনিট ডিজাইনের বিষয়টি প্রাধান্য পাচ্ছে, যার লক্ষ্য চলতি ২০২৬ বছরের শেষ নাগাদ এটি গণ-উৎপাদনে নিয়ে যাওয়া। এর আগে রয়টার্সের আরেকটি প্রতিবেদনে জানানো হয়েছিল যে, বাইটড্যান্স কৃত্রিম বুদ্ধিমত্তার ইনফারেন্স টাস্ক এবং কাস্টম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তৈরির জন্যও কাজ করছে।
তবে এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় চূড়ান্ত চিপ উৎপাদন বা চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে এবং বাইটড্যান্স অন্য কোনো অংশীদারের দিকেও ঝুঁকতে পারে। এ বিষয়ে কোয়ালকম বা বাইটড্যান্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব ও মার্কিন আগ্রহ
এই গোপন আলোচনাটি প্রমাণ করে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ নিয়ে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনা ও নানাবিধ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চীনের সাথে ব্যবসা করতে কতটা আগ্রহী। চিনের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইতিমধ্যেই এনভিডিয়া, এএমডি এবং অ্যাপ্লাইড মেটেরিয়ালসের মতো শীর্ষ চিপ কোম্পানিগুলোর ব্যবসা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে।
কোয়ালকমের জন্য কেন এই চুক্তি গুরুত্বপূর্ণ?
চলতি বছরে মেমোরি চিপ বা র্যামের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিশ্বব্যাপী স্মার্টফোন নির্মাতারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় বার্ষিক পতন বা সংকোচন দেখা দিতে পারে।
স্মার্টফোন বাজারের এই বড় ধাক্কা সামলাতে কোয়ালকম এখন দ্রুত বর্ধনশীল ডেটা সেন্টার এবং এআই চিপের বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। এই লক্ষ্যে তারা গ্রাহকদের জন্য প্রধানত তিন ধরনের চিপ নিয়ে কাজ করছে: প্রথাগত সিপিইউ, এআই কাজের জন্য অ্যাক্সিলারেটর এবং কাস্টমাইজড অ্যাসিক চিপ।
কাস্টম চিপের এই বিশাল বাজারে বর্তমানে ব্রডকম এবং মারভেলের মতো প্রতিদ্বন্দীরা আধিপত্য বিস্তার করে আছে, যেখানে বাইটড্যান্সের সাথে চুক্তিটি কোয়ালকমের জন্য একটি গেম-চেঞ্জার হতে পারে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





