১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদের এই ভিসায় বিমান ও হোটেল খরচও দিচ্ছে আয়োজকরা

রাশিয়ার ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’ এ অংশগ্রহণকারীরা যেভাবে পাবেন বিনামূল্যে ভিসা

আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’ এ আমন্ত্রিত ৫ হাজার আন্তর্জাতিক যুব প্রতিনিধি, সাংবাদিক ও ভ্লগারদের বিনামূল্যে ভিসা দেওয়ার আদেশ জারি করেছে দেশটির সরকার।

রাশিয়ার ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’ এ অংশগ্রহণকারীরা যেভাবে পাবেন বিনামূল্যে ভিসা
২০ জুন, ২০২৬ ১০:২১  

আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’ এ অংশগ্রহণকারীদের জন্য ভিসা ফি মওকুফ করেছে দেশটির সরকার। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন। এই নির্দেশনা অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে থাকা রুশ দূতাবাসগুলো থেকে উৎসবের আমন্ত্রিতদের সম্পূর্ণ বিনামূল্যে ভিসা ইস্যু করা হবে।

আগামী ১১-১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হবে। মূল আয়োজনের পাশাপাশি আঞ্চলিক নানা আয়োজনে অংশ নেওয়ার সুবিধার্থে এই ফ্রি ভিসার মেয়াদ থাকবে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

যেভাবে পাওয়া যাবে এই ফ্রি ভিসা ও সুবিধা: এই ফেস্টিভ্যালে অংশ নিতে আগ্রহী বিশ্বের ১৯১টি দেশের যুব প্রতিনিধিদের প্রথমে রাশিয়ার যুববিষয়ক কেন্দ্রীয় সংস্থা ‘রোসমোলোডেজ’-এর আওতাধীন ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেটের অফিসিয়াল প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করে নির্বাচিত হতে হবে। ডিরেক্টরেট থেকে অফিসিয়াল আমন্ত্রণপত্র বা ইনভাইটেশন লেটার পাওয়ার পর অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশে অবস্থিত রুশ দূতাবাসে ভিসার জন্য আবেদন করবেন।

আমন্ত্রিতদের তালিকা আগে থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসগুলোতে পাঠানো থাকবে, যার ভিত্তিতে কোনো ফি ছাড়াই ভিসা ইস্যু করা হবে। ৫ হাজার নির্বাচিত আন্তর্জাতিক যুব প্রতিনিধির পাশাপাশি শতাধিক অতিথি, বিদেশি সাংবাদিক, ব্লগার ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটররাও এই প্রক্রিয়ায় বিনামূল্যে ভিসা পাবেন। এছাড়া, যুব প্রতিনিধিদের মাঝে যারা আয়োজকদের সম্পূর্ণ অর্থায়নে (Fully Funded) নির্বাচিত হবেন, তাদের উড়োজাহাজ টিকিট, অভ্যন্তরীণ ভ্রমণ, হোটেল আবাসন এবং খাওয়ার সমস্ত ব্যয়ভার বহন করবে ইয়ুথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেট।

এর আগে গত বছর অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি ২০২৫’ এর অংশগ্রহণকারীদেরকেও ফি দিয়ে রাশিয়ার ভিসা নিতে হয়েছিল। তাই এবারের আয়োজনের ভিসা ফি মওকুফের সিদ্ধান্ত অংশগ্রহণকারীদের আনন্দ আরও বাড়িয়ে দিলো।

//ডিবিটেক/এসএসএপি/ইকে//