ডিআইআইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ২০ জুন
২০ জুন ঢাকার মান্ডায় ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ।
উচ্চশিক্ষার উৎকর্ষ সাধন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক ও উদ্ভাবনী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)। আগামী ২০ জুন ২০২৬ তারিখে ঢাকার মান্ডাস্থ গ্রিন মডেল টাউনে প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই নতুন ক্যাম্পাসটি শিক্ষাদান, গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য একটি সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করবে।
এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল গ্রুপ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সম্মানিত চেয়ারম্যান ড. মো. সবুর খান। পুরো আয়োজনটি ডিআইআইটির অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে।
মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিল্পমুখী গ্র্যাজুয়েট গড়ে তুলতে ডিআইআইটি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ। ডিআইআইটি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই গৌরবময় ক্ষণে অংশ নেওয়ার জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।
//ডিবিটেক/এডি/ইকে//





