যবিপ্রবিতে শুরু আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পাঁচ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা ২০২৫-২৬ শুরু হয়েছে। দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

যবিপ্রবিতে শুরু আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা
১৮ জুন, ২০২৬ ১১:৪২  

“ক্রীড়াই হোক সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন” স্লোগানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) ও কাবাডি (ছাত্র) প্রতিযোগিতা ২০২৫-২৬।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার পর্দা ওঠে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও যবিপ্রবি ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির বয়স তুলনামূলক কম হলেও ক্রীড়া কার্যক্রমের ধারাবাহিকতায় যবিপ্রবি দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে রয়েছে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় হবে।

উপাচার্য অংশগ্রহণকারী খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে আরও সাফল্য অর্জনের জন্য সবাইকে অনুপ্রাণিত করেন।

১৮ থেকে ২২ জুন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এতে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল (ছাত্র ও ছাত্রী) এবং কাবাডি (ছাত্র) দল অংশগ্রহণ করছে।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ২২ জুন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন। এছাড়া বক্তব্য দেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।

//ডিবিটেক/এমএমএইচ/ইকে//