কেনাকাটা সহজ করতে এআইভিত্তিক অ্যাপ আনল পিন্টারেস্ট

কেনাকাটা সহজ করতে এআইভিত্তিক অ্যাপ আনল পিন্টারেস্ট
১৮ জুন, ২০২৬ ১৪:৫৬  

ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করতে ‘আস্ক পিন্টারেস্ট’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত একটি পরীক্ষামূলক অ্যাপ চালু করেছে জনপ্রিয় ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম পিন্টারেস্ট। বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই নতুন অ্যাপের ঘোষণা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি জানায়, প্রথাগত সার্চ ইঞ্জিনের মতো শুধু শব্দ বা কি-ওয়ার্ড দিয়ে খোঁজার দিন শেষ হতে চলেছে। নতুন এই অ্যাপটির মূল বৈশিষ্ট্য হলো এর ‘কথোপকথনমূলক’ বা চ্যাটবট ধাঁচের ইন্টারফেস। এখানে ব্যবহারকারীরা সাধারণ মানুষের মতো স্বাভাবিক ভাষায় প্রশ্ন করে নিজেদের পছন্দ এবং রুচি অনুযায়ী কেনাকাটার পরামর্শ ও আইডিয়া পেয়ে যাবেন।

যেমন- কেউ যদি একটি রাতের খাবারের পার্টির পরিকল্পনা করতে চান কিংবা ধাপে ধাপে নিজের ঘর সাজাতে চান, তবে এই অ্যাপটি ব্যবহারকারীর আগের পছন্দ এবং পিন করা ছবিগুলোর ওপর ভিত্তি করে নিখুঁত পরামর্শ দেবে। মূল অ্যাপের কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটিয়ে এই নতুন প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতেই মূলত এটিকে আলাদা অ্যাপ হিসেবে আনা হয়েছে। প্রাথমিক অবস্থায় সীমিতসংখ্যক ব্যবহারকারী মোবাইল এবং কম্পিউটার ব্রাউজারের মাধ্যমে এটি ব্যবহারের সুযোগ পাবেন।

এই অ্যাপের পাশাপাশি বিপণনকারী ও বিজ্ঞাপনদাতাদের জন্য বেশ কিছু নতুন এআই টুল বা প্রযুক্তি উন্মোচন করেছে পিন্টারেস্ট। এর মধ্যে রয়েছে বিজ্ঞাপনদাতাদের জন্য একটি বিশেষ ‘এআই অ্যাসিস্ট্যান্ট’ এবং ‘পারফরম্যান্স প্লাস ক্রিয়েটিভ’ মডেল, যা স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে কার্যকর বিজ্ঞাপনটি বেছে নিতে সাহায্য করবে। এ ছাড়া বিজ্ঞাপন পরিচালনার জন্য ‘মডেল কনটেক্সট প্রোটোকল’ নামের একটি নতুন পরিকাঠামোও চালু করা হয়েছে।

পিন্টারেস্টের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা লি ব্রাউন বলেন, “ভবিষ্যতের তথ্য অনুসন্ধান বা কোনো কিছু খুঁজে পাওয়ার প্রক্রিয়া শুধু কি-ওয়ার্ডের ওপর নির্ভর করবে না। এটি নির্ধারিত হবে মানুষের রুচি, প্রসঙ্গ এবং নির্ভরযোগ্য পরামর্শের ওপর ভিত্তি করে।” আর এই জায়গাতেই পিন্টারেস্ট অন্য সব মাধ্যম থেকে অনন্য সুবিধা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: টেকক্রাঞ্চ