টেকসই বাংলাদেশ গড়তে এআই ব্যবহারের আহ্বান
বুয়েটে আয়োজিত এক সেমিনারে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সময়ের সঙ্গে মানুষের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ গড়তে এআই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত ‘সেমিনার অন এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য এআই এরা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে দ্রুত বিকাশ লাভ করছে এবং বিভিন্ন জটিল সমস্যার দ্রুত ও দক্ষ সমাধান দিতে সক্ষম হচ্ছে। জটিল তথ্য বিশ্লেষণ, বিভিন্ন ধরনের খেলা, তাৎক্ষণিক জ্ঞান সরবরাহসহ নানা ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়ছে।
তিনি বলেন, এআইকে মানুষের বিকল্প হিসেবে নয়, বরং মানুষের সক্ষমতা বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করতে হবে। প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন কর্মকাণ্ডে আরও বেশি উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।
মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর চিন্তাধারাকে দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের চেষ্টা করছেন। শিক্ষা, গবেষণা এবং উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে কাজে লাগানোর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
বুয়েটের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি (আইএটি) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. রফিকুল গণি।
//ডিবিটেক/এনইউ/এমআই//





