দক্ষ মানবসম্পদ তৈরিতে জোর চুয়েট ভিসির, সম্পন্ন তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট

চুয়েটে সফলভাবে সম্পন্ন হয়েছে তিনদিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট-২০২৬’। সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া শিক্ষার্থীদের একাডেমিক সনদের পাশাপাশি এআই ও ফোর্থ আইআর-এর যুগে টিকে থাকতে বহুমাত্রিক দক্ষতা অর্জনের আহ্বান জানান। এই উৎসবে জব ফেয়ার, হুয়াওয়ে ও রবির টেকনিক্যাল সেশনসহ ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হয়।

দক্ষ মানবসম্পদ তৈরিতে জোর চুয়েট ভিসির, সম্পন্ন তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট
১৪ জুন, ২০২৬ ১০:২৪  

 বর্তমান যুগে সফলতার জন্য কেবল একাডেমিক সনদ যথেষ্ট নয়, বরং শিক্ষার্থীদের উদ্ভাবনী ও বহুমাত্রিক দক্ষতার অধিকারী হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ১৩ জুন (শনিবার) বিকেলে তিনদিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স ও রোবোটিক্সের মতো ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রা বিশ্বব্যাপী কর্মক্ষেত্রের ধরনকে বদলে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই এবং চুয়েটের শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতার মাধ্যমে বিশ্বমঞ্চে অবদান রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।

চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি দিব্য জ্যোতি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইইই বিভাগের শিক্ষার্থী আবিদুর রহমান ও তাহসিন প্রিতি। তিনদিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে হুয়াওয়ে টেকনিক্যাল সেশন ও জব এক্সাম অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে গ্র্যান্ড ওপেনিংসহ রবি-আজিয়াটা লিমিটেডের টেকনিক্যাল সেশন, প্রেজেন্টএক্স প্রতিযোগিতা এবং বিসিএস, কর্পোরেট ও ব্যাংক জব প্রস্তুতি বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়। ফেস্টের শেষ দিনে বাস্কেটবল গ্রাউন্ডে ১০টিরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি সফল জব ফেয়ার এবং অডিটোরিয়ামে উচ্চশিক্ষা ও সফট স্কিল বিষয়ক সেশনের পর পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর ছিলো এন. মোহাম্মদ গ্রুপ এবং কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিলো এনার্জিপ্যাক, মুসপানা ও ইস্পাহানি।

//ডিবিটেক/আইআইএম/ইকে//