কুষ্টিয়ায় নির্মাণাধীন ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলায় নির্মাণাধীন ড্রেনে পড়ে মো. ইফাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইফাত স্থানীয় লুঙ্গি ব্যবসায়ী কামরুল হাসানের ছোট ছেলে। সে বায়তুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, কুমারখালী পৌরসভার উদ্যোগে এলাকায় প্রায় […] The post কুষ্টিয়ায় নির্মাণাধীন ড্রেনে পড়ে শিশুর মৃত্যু first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

কুষ্টিয়ায় নির্মাণাধীন ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
১১ মে, ২০২৬ ১৭:৩৫  

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলায় নির্মাণাধীন ড্রেনে পড়ে মো. ইফাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইফাত স্থানীয় লুঙ্গি ব্যবসায়ী কামরুল হাসানের ছোট ছেলে। সে বায়তুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমারখালী পৌরসভার উদ্যোগে এলাকায় প্রায় ৫০০ মিটার ড্রেন নির্মাণের কাজ শুরু করা হয়। গত বর্ষা মৌসুমে ভেকু দিয়ে মাটি খনন করা হলেও দীর্ঘ এক বছরেও কাজ শেষ হয়নি। আজ বিকেলে ইফাত তার চাচাতো ভাই সামাদেরসঙ্গে ছাগল চরাতে বাড়ি থেকে বের হয়। কিছু সময় পর সামাদ বাড়ি ফিরলেও ইফাত আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেল ৪টার দিকে এলংগী এলাকার নির্মাণাধীন ড্রেন থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নির্মাণকাজ ফেলে রাখার কারণে খনন করা অংশগুলো পানিতে ভরে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঠিকাদার লিটন আলী বলেন, এলংগী এলাকায় তার ড্রেন নির্মাণকাজ চলছে এবং কাগজপত্র দেখে বিস্তারিত জানাতে হবে। পরে শিশুটির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না বলে ফোন কেটে দেন।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারজানা আখতার বলেন, ঠিকাদারের কোনো অবহেলা রয়েছে কি না তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, নির্মাণাধীন ড্রেনে জমে থাকা পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post কুষ্টিয়ায় নির্মাণাধীন ড্রেনে পড়ে শিশুর মৃত্যু first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.