বাজার পর্যবেক্ষণের সরবরাহ ব্যবস্থা আসছে এআই মডেলের অধীন 

৪ মে, ২০২৬ ১৬:৪৬  

সারাদেশে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আমদানি পর্যায় থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের অধীনে আনছে সরকার। এজন্য জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

৪ মে, সোমবার সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গত ৫০–৫৫ বছরে বাজার ব্যবস্থাপনার জন্য কোনো সমন্বিত উদ্যোগ গড়ে ওঠেনি। তাই আমরা আমরা প্রথমবারের মতো আমদানি পর্যায় থেকে শুরু করে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে একটি এআইভিত্তিক মডেলের আওতায় আনার উদ্যোগ নিচ্ছি।’

‘আমরা এমন একটি মডেল তৈরি করছি, যার মাধ্যমে ধারাবাহিকভাবে বাজার পর্যবেক্ষণ করতে পারব’- যোগ করেন বাণিজ্যমন্ত্রী।

যেসব পণ্যের জন্য বাংলাদেশ আমদানির ওপর নির্ভরশীল, সেগুলোর জন্য কৌশলগত মজুত গড়ে তুলতে একটি প্রকল্প নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে দেশে পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা নেই। আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যাতে কয়েকজন ব্যক্তির ওপর নির্ভর করে থাকতে না হয়।’

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আমরা ডিসিদের কাছে একটি বিষয় অনুরোধ করেছি, আগামী দিনে তারা যেন বাজারে তদারকি বাড়ান এবং মূল্য স্থিতিশীল রাখতে প্রত্যাশিত ভূমিকা পালন করেন।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন ও নির্বাচিত সরকার কীভাবে একসঙ্গে কাজ করে এই কাজগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে এবং দেশকে এগিয়ে নিতে পারে সেসব বিষয়েও আলোচনা হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষিপণ্যের ক্ষেত্রে উৎপাদক পর্যায় ও খুচরা দামের মধ্যে পার্থক্যটা বেশ উল্লেখযোগ্য।
ডিবিটেক/ডিএস/ইকে