সিপ্যানেল হোস্টিংয়ে বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি: 

গ্রাহকদের তথ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিচ্ছে বিডিএইচপিএ

গ্রাহকদের তথ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিচ্ছে বিডিএইচপিএ
১ মে, ২০২৬ ১৯:৩৩  

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল সিপ্যানেল (cPanel) এবং ওয়েব হোস্ট ম্যানেজার (WHM)-এ একটি ভয়াবহ নিরাপত্তা ত্রুটি (CVE-2026-41940) শনাক্ত হওয়ার পর বাংলাদেশের গ্রাহকদের তথ্য সুরক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স এলায়েন্স (বিডিএইচপিএ)।

বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই বিডিএইচপিএ-এর সদস্যভুক্ত হোস্টিং প্রতিষ্ঠানসমূহ তাদের সার্ভারগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা আপডেট বা ‘সিকিউরিটি প্যাচ’ প্রয়োগসহ নজরদারি বৃদ্ধি করেছে।

১ মে, শুক্রবার বিডিএইচপিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বৈশ্বিক ভলনারেবিলিটির কারণে হ্যাকাররা অননুমোদিতভাবে সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় দেশের শীর্ষস্থানীয় হোস্টিং সেবাদাতারা বর্তমানে সার্ভার মনিটরিং এবং অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকায় কিছু গ্রাহক সাময়িকভাবে সিপ্যানেল বা ডব্লিউএইচএম লগইনে বিলম্ব, ইমেইল আদান-প্রদানে ধীরগতি কিংবা ওয়েবসাইট অ্যাক্সেস করার ক্ষেত্রে সাময়িক সমস্যার সম্মুখীন হতে পারেন।

সংগঠনটির পক্ষ থেকে গ্রাহকদের আশ্বস্ত করে বলা হয়, এসব সাময়িক অসুবিধা মূলত উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই গ্রহণ করা হয়েছে। গ্রাহকদের মূল্যবান তথ্য ও ওয়েবসাইটগুলোর সুরক্ষার কথা বিবেচনা করে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশের হোস্টিং শিল্পের গ্রাহকদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে বিডিএইচপিএ এবং এর সদস্য প্রতিষ্ঠানসমূহ প্রতিশ্রুতিবদ্ধ।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেহেতু এই ত্রুটিটি বৈশ্বিক এবং অত্যন্ত সংবেদনশীল, তাই দ্রুততম সময়ের মধ্যে সার্ভারগুলোকে সুরক্ষিত করা অপরিহার্য ছিল। উদ্ভূত পরিস্থিতিতে গ্রাহকদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছে বিডিএইচপিএ। দ্রুতই সেবাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ডিবিটেক/বিএ/ইকে