উইন্ডোজ আপডেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সুযোগ আনলো মাইক্রোসফট
গুরুত্বপূর্ণ কোনো মিটিং বা অনলাইন গেমিংয়ের মাঝে হুট করে উইন্ডোজ আপডেট শুরু হয়ে কম্পিউটার রিস্টার্ট নেওয়ার বিড়ম্বনা থেকে এবার মুক্তি মিলছে। উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য ‘ফোর্সড আপডেট’ বা বাধ্যতামূলকভাবে আপডেট নেওয়ার নিয়ম শিথিল করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে অনির্দিষ্টকালের জন্য উইন্ডোজ আপডেট স্থগিত বা পজ করে রাখতে পারবেন।
যেভাবে কাজ করবে নতুন এই সুবিধা
মাইক্রোসফটের ব্লগ অনুযায়ী, উইন্ডোজ ১১-এর সেটিংসে গিয়ে এখন থেকে ৩৫ দিনের জন্য আপডেট স্থগিত রাখা যাবে। তবে নতুন বিষয় হলো, এই ৩৫ দিন শেষ হওয়ার পর ব্যবহারকারী চাইলে আবারও তা বাড়িয়ে নিতে পারবেন। এভাবে যতবার খুশি ততবার আপডেট পিছিয়ে দেওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ, ব্যবহারকারী নিজে যতক্ষণ না চাইছেন, উইন্ডোজ তাকে আপডেট নিতে বাধ্য করবে না।
রিস্টার্ট বা শাটডাউনেও মিলবে স্বাধীনতা
আপডেট পজ করার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে মাইক্রোসফট:
আপডেট ছাড়াই রিস্টার্ট: আগে অনেক ক্ষেত্রে আপডেট পেন্ডিং থাকলে কম্পিউটার রিস্টার্ট বা শাটডাউন করার সময় ‘Update and Restart’ অপশনটি বাধ্যতামূলক থাকত। এখন থেকে আপডেট ছাড়াই সাধারণ রিস্টার্ট বা শাটডাউন করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
সেটআপের সময় ছাড়: নতুন ডিভাইস সেটআপ করার সময়ও এখন থেকে চাইলে আপডেটের ধাপটি এড়িয়ে যাওয়া যাবে।
কেন এই পরিবর্তন?
মাইক্রোসফটের প্রতিনিধি আরিয়া হ্যানসন জানিয়েছেন, ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে অসময়ে উইন্ডোজ আপডেট তাদের কাজে বিঘ্ন ঘটায়। বিশেষ করে যখন পিসিতে গুরুত্বপূর্ণ কাজ চলে, তখন আপডেটের ওপর নিয়ন্ত্রণ না থাকাটা বিরক্তিকর। সেই ফিডব্যাকের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে।
সতর্কতা ও প্রাপ্যতা
মাইক্রোসফট ব্যবহারকারীদের হাতে পূর্ণ নিয়ন্ত্রণ দিলেও একটি বিষয়ে সতর্ক করেছে। উইন্ডোজ আপডেটগুলোর বেশিরভাগই ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাগ ফিক্স করতে পাঠানো হয়। তাই দীর্ঘ সময় আপডেট না নিলে পিসি সাইবার ঝুঁকির মুখে পড়তে পারে।
বর্তমানে এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হয়নি। উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের অন্তর্ভুক্ত ‘ডেভ’ এবং ‘এক্সপেরিমেন্টাল’ চ্যানেলের ব্যবহারকারীরা এটি এখন পরখ করতে পারছেন। সব ঠিক থাকলে খুব শীঘ্রই সাধারণ ব্যবহারকারীদের জন্যও এটি চালু করা হবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট







