গিগাবাইটের ‘অরোস প্রাইম ৫’ গেমিং ডেস্কটপ উন্মোচন, দাম ৩ লাখ ৪৫ হাজার টাকা

গিগাবাইটের ‘অরোস প্রাইম ৫’ গেমিং ডেস্কটপ উন্মোচন, দাম ৩ লাখ ৪৫ হাজার টাকা
২৬ এপ্রিল, ২০২৬ ১০:৫৪  

বিশ্বের শীর্ষ কম্পিউটার নির্মাতা গিগাবাইট উচ্চক্ষমতাসম্পন্ন নতুন গেমিং ডেস্কটপ ‘অরোস প্রাইম ৫’ আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করেছে। আধুনিক আর্কিটেকচারে তৈরি এই প্রি-বিল্ট সিস্টেমটি গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য শক্তিশালী পারফরম্যান্স, উন্নত কুলিং এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয় হিসেবে আনা হয়েছে।

নতুন এই ডেস্কটপে সর্বোচ্চ এএমডি রাইজেন ৭ ৯৮০০এক্স৩ডি প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৮০ গ্রাফিক্স ব্যবহারের সুবিধা রাখা হয়েছে, যা গেমিং ও ভারী মাল্টিটাস্কিংয়ে উচ্চগতির পারফরম্যান্স নিশ্চিত করে। পাশাপাশি ৩২ জিবি উচ্চগতির আরজিবি র‍্যাম এবং ২ টেরাবাইট এসএসডি স্টোরেজ দ্রুত ডেটা প্রসেসিংয়ে সহায়ক।

বাজারে আনা নির্দিষ্ট কনফিগারেশনের একটি মডেলে রয়েছে এএমডি রাইজেন ৭ ৯৭০০এক্স প্রসেসর, এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৭০ টিআই (১৬ জিবি) গ্রাফিক্স, বি৮৫০ মাদারবোর্ড, ৫৬০০ মেগাহার্টজ গতির ৩২ জিবি র‍্যাম, ২ টেরাবাইট জেন৪ এসএসডি, ২৪০ মিমি লিকুইড কুলার, ৮৫০ ওয়াট গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই এবং উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম।

কুলিং ব্যবস্থায় ‘হক ফ্যান’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা বায়ুচাপ ৮৯ শতাংশ এবং এয়ারফ্লো ৪২ শতাংশ পর্যন্ত বাড়াতে সক্ষম। এর সঙ্গে এয়ারোস্পেস-গ্রেড উইং-টিপ ডিজাইন ও লিকুইড কুলিং যুক্ত হয়ে ভারী কাজের সময়ও সিস্টেমকে ঠাণ্ডা রাখতে সহায়তা করে। পাশাপাশি ৮০ শতাংশ মেশ ইনটেক এরিয়া ও সাইড ভেন্ট ডিজাইন কুলিং দক্ষতা বাড়ানোর পাশাপাশি আরজিবি লাইটিংয়ের ভিজ্যুয়াল অভিজ্ঞতাও উন্নত করে।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানান, ‘অরোস প্রাইম ৫’ এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা সহজেই প্লাগ-অ্যান্ড-প্লে সুবিধায় শক্তিশালী পারফরম্যান্স উপভোগ করতে পারেন।

দেশের বাজারে ডিভাইসটি সরবরাহ করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। নতুন এই গেমিং ডেস্কটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা।

ডিবিটেক/এসআর/ইকে