‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে দেশে এসেছিলেন বিল গেটস’

‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে দেশে এসেছিলেন বিল গেটস’
২৬ এপ্রিল, ২০২৬ ০০:০১  

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ২০০৪ সালে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

২৫ এপ্রিল, শনিবার রাতে রাজধানীর বনানী ক্লাবে বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস এসোসিয়েশন (বিসা) আয়োজিত সাইবার নিরাপত্তা বিল নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান।

সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৪ সালে যুক্তরাষ্ট্র সফরকালে বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পরবর্তীতে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিল গেটস স্বল্প সময়ের জন্য বাংলাদেশে সফর করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সব সময়ই মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন। তবে তিনি মনে করেন, মতবিরোধ থাকলেও তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা জরুরি। অনলাইনে গালিগালাজকে তিনি বাকস্বাধীনতার অংশ হিসেবে দেখেন না বলেও উল্লেখ করেন প্রেস সচিব। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রই চেয়েছিলাম। কিন্তু গত কয়েক দিন অনলাইনে যেসব ভাষা ব্যবহার করে একদল সমালোচনা করছে, এগুলো মানুষের ভাষা না। গালিগালাজ করা বাকস্বাধীনতা না।’

বিসা প্রেসিডেন্ট ফয়সাল আলিমের সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. শামীম আজাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। বক্তব্যে দেশজুড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর বিষয়ে চিন্তা করছেন বলে জানান তিনি।  

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম. সালেহ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহকারী সম্পাদক এইচএম সাইফ আলী খান, বিসা-এর ফাউন্ডার ও উপদেষ্টা প্রকৌশলী মো. জুয়েল।

অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা আইন এবং অনলাইন আচরণ নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, ডাটা প্রাইভেসি নিশ্চিত না হলে ডিজিটাল বিনিয়োগ হুমকির মুখে পড়বে। ​অতিরিক্ত নিয়ন্ত্রণ ও অস্পষ্ট নীতিমালা স্টার্টআপ ও উদ্ভাবনকে বাধাগ্রস্ত করবে। ​নীতিমালা প্রণয়নে বাস্তবতা বিবেচনা না করলে তা কার্যকর হবে না।

ডিবিটেক/এসআই/এমইউআইএম