নতুন লোগো নিয়ে এক্সবক্স ব্র্যান্ডিংয়ে ফিরছে মাইক্রোসফট গেমিং
‘মাইক্রোসফট গেমিং’ ব্র্যান্ডিং মুছে ফেলে আবারও মূল নাম ‘এক্সবক্স’-এ ফিরে আসার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে এক বিশেষ সভায় নতুন লোগো উন্মোচন এবং গেমিং খাতের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এক্সবক্স প্রধান আশা শর্মা।
ব্র্যান্ডিং ও লোগোতে পরিবর্তন
২০১৯ সাল থেকে ব্যবহৃত চিরাচরিত সাদা-কালো লোগোর বদলে এখন থেকে উজ্জ্বল সবুজ রঙের একটি ‘গ্লাসি’ লোগো ব্যবহার করবে এক্সবক্স। আশা শর্মা জানান, ‘মাইক্রোসফট গেমিং’ নাম দিয়ে প্রতিষ্ঠানের কাঠামোগত পরিচয় পাওয়া গেলেও তাদের গেমিং লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা কেবল ‘এক্সবক্স’ নামেই সার্থক হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি এক্সবক্সের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন।
গেম এক্সক্লুসিভিটি নিয়ে নতুন ভাবনা
আগের প্রধান ফিল স্পেন্সারের সময়ে এক্সবক্সের নিজস্ব বা ‘ফার্স্ট পার্টি’ গেমগুলো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম যেমন প্লেস্টেশন ৫ বা নিনটেনডোতে মুক্তি দেওয়ার প্রবণতা শুরু হয়েছিল। এমনকি গত ৭ এপ্রিল বেথেসডার জনপ্রিয় গেম ‘স্টারফিল্ড’ প্লেস্টেশনে মুক্তি পায়। তবে আশা শর্মা ইঙ্গিত দিয়েছেন যে, গেমের এই ‘এক্সক্লুসিভিটি’ বা স্বকীয়তা নিয়ে তারা পুনরায় ভাবছেন। অর্থাৎ, সামনের দিনে সেরা গেমগুলো কেবল এক্সবক্সের জন্যই সংরক্ষিত থাকতে পারে।
এক্সবক্সের ৪টি অগ্রাধিকার
নতুন কৌশলের মূলে রাখা হয়েছে ব্যবহারকারীদের দৈনিক সক্রিয়তা বা ‘ডেইলি অ্যাক্টিভ প্লেয়ার্স’-কে। লক্ষ্য পূরণে চারটি মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে:
১. হার্ডওয়্যার: বর্তমানে এক্সবক্স সিরিজ এস/এক্স কনসোলকে স্থিতিশীল রাখার পাশাপাশি পরবর্তী প্রজন্মের শক্তিশালী কনসোল ‘প্রজেক্ট হেলিক্স’ তৈরির কাজ ত্বরান্বিত করা।
২. কনটেন্ট: নতুন ফ্র্যাঞ্চাইজি তৈরি এবং বিশেষ করে চীনের মতো উদীয়মান বাজারগুলোতে গেমিং সেবা সম্প্রসারণ।
৩. অভিজ্ঞতা: কনসোলের ইউজার ইন্টারফেস, সার্চ এবং সোশ্যাল ফিচারগুলোকে আরও উন্নত ও ব্যবহারবান্ধব করা।
৪. সেবা: ‘এক্সবক্স গেম পাস’-কে আরও সাশ্রয়ী ও নমনীয় করে তোলা। ইতোমধ্যে গেম পাসের দাম কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ভবিষ্যৎ পরিকল্পনা
আশা শর্মা স্বীকার করেছেন যে, পিসি এবং কনসোল উভয় বাজারেই এক্সবক্সের সামনে চ্যালেঞ্জ রয়েছে। গেমিং অভিজ্ঞতাকে আরও সাশ্রয়ী ও উন্মুক্ত করতে মেসেজিং প্ল্যাটফর্ম ‘ডিসকর্ড’-এর সঙ্গে অংশীদারিত্বের বিষয়টিও আলোচনায় এসেছে। এছাড়া এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে গেমিংকে আরও ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে এক্সবক্স।
ডিবিটেক/বিএমটি । সূত্র: গ্যাজেট৩৬০







