নেভাদার সাথে রোবলক্সের ১২ মিলিয়ন ডলারের সমঝোতা

নেভাদার সাথে রোবলক্সের ১২ মিলিয়ন ডলারের সমঝোতা
১৮ এপ্রিল, ২০২৬ ২২:২৭  

অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স নেভাদা অঙ্গরাজ্যের সঙ্গে ১ কোটি ২০ লাখ ডলারের সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার (১৫ এপ্রিল) নেভাদার অ্যাটর্নি জেনারেল অ্যারন ফোর্ড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। এই অর্থের একটি বড় অংশ ব্যয় হবে শিশু সুরক্ষা কর্মসূচিতে।

চুক্তির শর্তাবলি
রোবলক্স আগামী তিন বছরে নেভাদার শিশু সহায়তা সংস্থাগুলোতে ১ কোটি ডলার দেবে। বাকি ২৫ লাখ ডলার ব্যয় হবে আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়কারী পদ ও অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা প্রচারণায়। এই অর্থ অ্যাটর্নি জেনারেলের তত্ত্বাবধানে ব্যয় হবে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার
সমঝোতার অংশ হিসেবে রোবলক্স তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে। প্ল্যাটফর্মে সব ব্যবহারকারীর জন্য বয়স যাচাই প্রক্রিয়া চালু করা হবে। ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা শুধু ‘বিশ্বস্ত বন্ধু’ হিসাবে চিহ্নিত প্রাপ্তবয়স্কদের সঙ্গেই যোগাযোগ করতে পারবেন।

পিতামাতার নিয়ন্ত্রণ এখন ১৬ বছর বয়স পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রসারিত করা হবে, যা আগে ছিল ১৩ বছরের মধ্যে সীমাবদ্ধ। ‘রোবলক্স কিডস’ (৫-৮ বছর) ও ‘রোবলক্স সিলেক্ট’ (৯-১৫ বছর) অ্যাকাউন্টের জন্য আলাদা কনটেন্ট ও চ্যাট সীমাবদ্ধতা নির্ধারণ করা হয়েছে।

মামলার প্রেক্ষাপট
বিভিন্ন অঙ্গরাজ্যে রোবলক্সের বিরুদ্ধে ১০০টিরও বেশি মামলা বিচারাধীন। কেনটাকি, আইওয়া, লুইজিয়ানা ও টেক্সাসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য প্ল্যাটফর্মটির বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, তারা জেনেশুনে শিশু যৌন নির্যাতনের সুযোগ করে দিচ্ছে। গত বছর ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্স-এর বিরুদ্ধেও শিশু নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করেছিল নেভাদা। সেই মামলা এখনও বিচারাধীন।

রোবলক্সের মুখপাত্র স্টিফেন স্পারব জানিয়েছেন, প্ল্যাটফর্মটির দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯ কোটি। তাদের মধ্যে বিপুল সংখ্যক শিশু। এই চুক্তি শিশু সুরক্ষায় তাদের প্রচেষ্টার অংশ মাত্র। তবে অন্যান্য অঙ্গরাজ্যের মামলা নিষ্পত্তি করতে আরও অর্থ ব্যয় করতে হতে পারে কোম্পানিটিকে।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: এনগ্যাজেট