টাম্বলার রিজবাসীর কাছে ক্ষমা চাইলেন স্যাম অল্টম্যান

টাম্বলার রিজবাসীর কাছে ক্ষমা চাইলেন স্যাম অল্টম্যান
২৬ এপ্রিল, ২০২৬ ১৫:০০  

ভয়াবহ এক গোলাগুলির ঘটনায় প্রাণ হারানো ৮ জনের পরিবারের কাছে এবং কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের টাম্বলার রিজবাসীর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। অভিযুক্ত ঘাতকের সন্দেহজনক আচরণের তথ্য আগে থেকে জানা সত্ত্বেও তা পুলিশকে না জানানোয় তাঁর প্রতিষ্ঠান ‘গভীরভাবে দুঃখিত’ বলে একটি চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

ঘটনার নেপথ্যে কী ছিল?
১৮ বছর বয়সী জেস ভ্যান রুটসেলার নামক এক তরুণীকে ৮ জনকে হত্যার দায়ে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে কানাডার পুলিশ। মার্কিন গণমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের জুনেই জেস-এর চ্যাটজিপিটি অ্যাকাউন্টটি নিষিদ্ধ করেছিল ওপেনএআই। কারণ, ওই তরুণী চ্যাটজিপিটি ব্যবহার করে বন্দুকের সাহায্যে সহিংসতার কাল্পনিক দৃশ্য বর্ণনা করছিলেন। সে সময় ওপেনএআই-এর কর্মীরা বিষয়টি পুলিশকে জানানোর ব্যাপারে আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নেন। গত সপ্তাহে ওই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর বিষয়টি প্রকাশ্যে আসে।

অল্টম্যানের ক্ষমা প্রার্থনা
টাম্বলার রিজের স্থানীয় সংবাদপত্র ‘টাম্বলার রিজলাইন্স’-এ প্রকাশিত এক চিঠিতে স্যাম অল্টম্যান বলেন, “জুন মাসে অ্যাকাউন্টটি নিষিদ্ধ করার সময় আমরা আইনপ্রয়োগকারী সংস্থাকে সতর্ক না করায় আমি গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি জানি কেবল কথায় এই অপূরণীয় ক্ষতি পূরণ হওয়া সম্ভব নয়, তবুও আপনাদের সম্প্রদায়ের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ধ্বংসযজ্ঞকে স্বীকার করে নেওয়ার জন্য ক্ষমা চাওয়াটা জরুরি বলে আমি মনে করি।”

অল্টম্যান আরও জানান, তিনি টাম্বলার রিজের মেয়র এবং ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি-র সঙ্গে আলোচনা করেছেন এবং তাঁরা একমত হয়েছেন যে একটি প্রকাশ্যে ক্ষমা চাওয়া প্রয়োজন ছিল।

প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পদক্ষেপ
ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি এক বার্তায় বলেন, “অল্টম্যানের এই ক্ষমা প্রার্থনা প্রয়োজন ছিল ঠিকই, কিন্তু টাম্বলার রিজের পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার তুলনায় এটি অত্যন্ত নগণ্য।”

এই ঘটনার পর ওপেনএআই তাদের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এখন থেকে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্টে সন্দেহজনক বা বিপজ্জনক কিছু পাওয়া গেলে তা সরাসরি কর্তৃপক্ষকে জানানোর ক্ষেত্রে আরও নমনীয় ও দ্রুত কার্যকর নিয়ম চালু করা হচ্ছে। একই সঙ্গে কানাডার আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। 

এদিকে, এআই প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন কঠোর নীতিমালা প্রণয়নের কথা ভাবছে কানাডা সরকার।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: টেকক্রাঞ্চ