ঢাকা মোটর শোতে ডিএইচএস মোটরসের এআইওএন উন্মোচন, নজর কাড়ল বৈদ্যুতিক গাড়ি
রাজধানীর ১৯তম ঢাকা মোটর শো ২০২৬-তে বৈদ্যুতিক যানবাহনের প্রতি বাড়তে থাকা আগ্রহের মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে ডি এইচ এস মোটরস লিমিটেড। বাংলাদেশের জন্য জিএসি মোটরস-এর আনুষ্ঠানিক পরিবেশক প্রতিষ্ঠানটি এবারের আয়োজনে প্রথমবারের মতো তাদের ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ড এআইওএন উন্মোচন করেছে।
প্রদর্শনীতে এআইওএন ব্র্যান্ডের নতুন দুটি মডেল—এআইওএন ওয়াই এবং এআইওএন ভি—দর্শকদের সামনে তুলে ধরা হয়। ফিচারসমৃদ্ধ নকশা, প্রশস্ত অভ্যন্তর এবং দীর্ঘ দূরত্ব অতিক্রমের সক্ষমতার কারণে মডেল দুটি ব্যাপক সাড়া ফেলেছে। এআইওএন ওয়াই একবার চার্জে প্রায় ৪৩০ কিলোমিটার এবং এআইওএন ভি প্রায় ৪৮৫ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম।
মোটর শো উপলক্ষে এই দুই মডেলের জন্য বিশেষ প্রারম্ভিক মূল্যও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এআইওএন ওয়াইয়ের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা এবং এআইওএন ভি পাওয়া যাচ্ছে ৬২ লাখ টাকায়।
শুধু এআইওএন নয়, একই মঞ্চে জিএসি’র আরও কয়েকটি জনপ্রিয় মডেলও প্রদর্শিত হয়েছে। এর মধ্যে রয়েছে ইএমকু, ইএমজুম এবং ই৯। গত বছরের প্রদর্শনীতে উন্মোচিত বিলাসবহুল বহুমুখী যান ই৯ তার আরাম ও প্রিমিয়াম বৈশিষ্ট্যের কারণে দর্শকদের আগ্রহ ধরে রেখেছে। অন্যদিকে ইএমকু ও ইএমজুম তাদের আধুনিক নকশা, শক্তিশালী পারফরম্যান্স এবং উন্নত অভ্যন্তরীণ সুবিধার জন্য তরুণ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
প্রদর্শনী চলাকালীন এসব মডেলের জন্যও বিশেষ মূল্য অফার ঘোষণা করা হয়েছে। ইএমজুম পাওয়া যাচ্ছে ৪০ লাখ টাকায়, ইএমকু ৪৫ লাখ টাকায় এবং ই৯-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এআইওএন ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশের অটোমোবাইল খাতে বিদ্যুতায়নের গতি আরও বাড়াবে। একই সঙ্গে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের টেকসই পরিবহন ব্যবস্থার বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/আরআই/ইকে







