রাজস্ব কমলেও মুনাফায় প্রবৃদ্ধি, প্রথম প্রান্তিকে স্থিতিশীল পারফরম্যান্সে গ্রামীণফোন

রাজস্ব কমলেও মুনাফায় প্রবৃদ্ধি, প্রথম প্রান্তিকে স্থিতিশীল পারফরম্যান্সে গ্রামীণফোন
২৩ এপ্রিল, ২০২৬ ১৫:০৫  

২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৩,৭৫৮ কোটি টাকা রাজস্ব আয় করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ অপারেটর গ্রামীণফোন। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কম। সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রভাবেই এ রাজস্ব হ্রাস হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রান্তিক শেষে গ্রামীণফোনের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪২ লাখে। এর মধ্যে ৫৮.৪ শতাংশ বা প্রায় ৪ কোটি ৯২ লাখ গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন। এই প্রবৃদ্ধি অপারেটরটির ডেটা-নির্ভর প্রবৃদ্ধির ধারাবাহিকতাকে তুলে ধরেছে।

২৩ এপ্রিল, বৃহস্পতিবার এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, বহুমাত্রিক বাহ্যিক চ্যালেঞ্জ সত্ত্বেও কোম্পানি স্থিতিশীল পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম হয়েছে এবং প্রায় ৫৮ শতাংশ ইবিআইটিডিএ মার্জিন ধরে রাখা গেছে। তিনি জানান, নেটওয়ার্ক, আইটি, স্পেকট্রাম এবং এআই-নির্ভর কার্যক্রমে দীর্ঘমেয়াদি বিনিয়োগ অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতে আরও দক্ষ ও সম্প্রসারণযোগ্য ডিজিটাল অপারেটিং মডেল গড়ে তুলতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, এআই-ফার্স্ট টেলিকম কোম্পানি হওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটি ‘এআই অ্যান্ড আই’ উদ্যোগ শুরু করেছে, যার মাধ্যমে নেটওয়ার্ক ও অপারেশনে একাধিক এআই-ভিত্তিক সমাধান চালু করা হচ্ছে। সম্প্রতি ৭০০ মেগাহার্জ স্পেকট্রাম অধিগ্রহণের ফলে গ্রামীণ এলাকায় কভারেজ বৃদ্ধি এবং ইনডোর নেটওয়ার্কের মান উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, গ্রামীণফোনের প্রধান অর্থ কর্মকর্তা অটো মাগনে রিসব্যাক জানান, প্রথম প্রান্তিকে কোম্পানির নিট মুনাফা হয়েছে ৬৬২ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৪.৪ শতাংশ বেশি। নিট মুনাফার হার দাঁড়িয়েছে ১৭.৬ শতাংশে। তিনি বলেন, রাজস্ব কিছুটা কমলেও খরচ নিয়ন্ত্রণ, কম অবচয় ব্যয় এবং আর্থিক খরচ হ্রাসের ফলে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

ডেটা খাতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। সক্রিয় ডেটা ব্যবহারকারী ১.৭ শতাংশ বেড়ে ৪ কোটি ৯২ লাখে পৌঁছেছে এবং গড় ব্যবহার ৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ৭.৭ জিবিতে দাঁড়িয়েছে। একই সঙ্গে অপারেটিং খরচ ২ শতাংশ এবং পণ্য বিক্রয় ব্যয় ৭.৩ শতাংশ কমেছে, যা সামগ্রিক ব্যয় ব্যবস্থাপনায় উন্নতির ইঙ্গিত দেয়।

সব মিলিয়ে, রাজস্বে কিছুটা চাপ থাকলেও খরচ নিয়ন্ত্রণ, ডেটা ব্যবহারের বৃদ্ধি এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে প্রথম প্রান্তিকে স্থিতিশীল আর্থিক ও অপারেশনাল অবস্থান ধরে রাখতে পেরেছে গ্রামীণফোন।

ডিবিটেক/আইএইচ/ইকে