বাংলাতেও পারদর্শী চ্যাটজিপিটির নতুন ‘ইমেজ ২.০’

বাংলাতেও পারদর্শী চ্যাটজিপিটির নতুন ‘ইমেজ ২.০’
২২ এপ্রিল, ২০২৬ ১৪:৫০  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ছবি তৈরির ক্ষেত্রে এতদিন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ছবির ভেতরে সঠিক বানান বা লেখা ফুটিয়ে তোলা। সেই সীমাবদ্ধতা দূর করতে ওপেনএআই নিয়ে এসেছে চ্যাটজিপিটির নতুন ‘ইমেজ ২.০’ মডেল। মঙ্গলবার উন্মোচিত এই নতুন সংস্করণটি ছবির ভেতরে টেক্সট বা লেখা তৈরিতে বিস্ময়কর পারদর্শিতা দেখাচ্ছে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আগে এআই দিয়ে কোনো রেস্টুরেন্টের মেনু বা পোস্টার তৈরি করলে তাতে প্রায়ই কিম্ভূতকিমাকার সব বানান দেখা যেত। কিন্তু ‘ইমেজ ২.০’ এখন অত্যন্ত নিখুঁতভাবে লেখা ফুটিয়ে তুলতে সক্ষম। এতে যুক্ত করা হয়েছে বিশেষ ‘থিংকিং ক্যাপাবিলিটিস’ বা চিন্তা করার ক্ষমতা, যার মাধ্যমে এটি নিজেই নিজের তৈরি করা ছবি পুনরায় যাচাই করতে পারে। ফলে মাল্টি-প্যানেল কমিক স্ট্রিপ, মার্কেটিং অ্যাসেট বা জটিল ইউআই ডিজাইন তৈরি করা এখন আরও সহজ ও বিশ্বাসযোগ্য হবে।

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, এই নতুন মডেলটি লাতিন বর্ণমালার পাশাপাশি বাংলা, হিন্দি, জাপানি ও কোরিয়ান ভাষার লিপিগুলোও আগের চেয়ে অনেক স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। ২-কে রেজোলিউশনের এই মডেলটি ব্যবহারকারীর দেওয়া সূক্ষ্ম নির্দেশনাগুলো নিখুঁতভাবে পালন করতে পারে।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির সাধারণ ও প্রিমিয়াম—উভয় ধরনের ব্যবহারকারীরাই এখন এই সুবিধা পাবেন। তবে পেইড ব্যবহারকারীরা আরও উন্নত ও জটিল আউটপুট তৈরির সুযোগ পাবেন। ছবি তৈরির পাশাপাশি ডেভেলপারদের জন্য একটি নতুন এপিআই-ও অবমুক্ত করা হয়েছে। এই মডেলটির জ্ঞান ভাণ্ডার ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও, এটি এআই ইমেজ জেনারেশনের দুনিয়ায় এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: টেকক্রাঞ্চ