হুয়াওয়ের চিপে চলবে ডিপসিকের মডেল ভি৪
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিক তাদের আগামী প্রজন্মের মডেল ‘ভি৪’ হুয়াওয়ের তৈরি সর্বশেষ চিপে চালানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন অনলাইন সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভি৪ মডেল উন্মোচনের প্রস্তুতির অংশ হিসেবে চীনের প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো হুয়াওয়ের নতুন চিপের জন্য বড় অঙ্কের অর্ডার দিয়েছে। অ্যালিবাবা গ্রুপ, বাইটড্যান্স ও টেনসেন্ট হোল্ডিংস মিলে কয়েক লাখ ইউনিট অর্ডার করেছে। ভি৪ আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু হতে পারে।
মার্কিন রফতানি নিয়ন্ত্রণের কারণে এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের কাছ থেকে অত্যাধুনিক চিপ পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ায় চীনা প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে।
ডিপসিক গত কয়েক মাস ধরে হুয়াওয়ে ও আরেক চীনা চিপ নির্মাতা ক্যামব্রিকন টেকনোলজিসের সঙ্গে সরাসরি কাজ করে ভি৪ মডেলের কোড পুনর্লিখন ও পরীক্ষা চালিয়েছে। মডেলটির আরও দুটি ভিন্ন সংস্করণও তৈরি করা হচ্ছে, যা চীনা চিপের জন্য অপ্টিমাইজড।
ডিপসিকের আগের মডেল ভি৩ ও আর১ গত বছর স্বল্প খরচে শক্তিশালী কর্মক্ষমতা প্রদর্শন করে বিশ্ববাজারে আলোড়ন ফেলেছিল। ভি৪ মডেলটি হবে তারই পরবর্তী সংস্করণ।
উল্লেখ্য, সম্প্রতি ডিপসিকের একটি লাইট ভার্সন ‘ভি৪ লাইট’ ২ ট্রিলিয়ন প্যারামিটার ও ১০ লাখ টোকেন কনটেক্সট উইন্ডো নিয়ে প্রকাশিত হয়েছে, যেটিকে পূর্ণ ভি৪ মডেলের প্রস্তুতিমূলক সংস্করণ মনে করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র







