স্ন্যাপচ্যাটে চালু হলো মেমোরিজ স্টোরেজ প্ল্যান
২০১৬ সালে মেমোরিজ চালুর পর থেকে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা ইতিমধ্যে ১ ট্রিলিয়নেরও বেশি মেমোরিজ সংরক্ষণ করেছেন। ক্যামেরা রোলের মতো ডুপ্লিকেট বা অপ্রয়োজনীয় স্ক্রিনশট নয়, বরং স্ন্যাপচ্যাট মেমোরিজে সংরক্ষিত হয় ব্যবহারকারীর কাছে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো।
প্রথমে ধারণা করা হয়নি যে মেমোরিজ এত বড় আকার ধারণ করবে। দীর্ঘমেয়াদে যাতে ব্যবহারকারীরা তাদের মেমোরিজ নিরাপদে রাখতে পারেন, সে জন্য স্ন্যাপচ্যাট নতুন মেমোরিজ স্টোরেজ প্ল্যান চালু করছে। খবর দ্য ভার্জ।
যেসব ব্যবহারকারীর মেমোরিজ ৫ গিগাবাইটের কম, তাদের জন্য কিছুই পরিবর্তন হবে না। তবে যাদের ৫ গিগাবাইটের বেশি মেমোরিজ রয়েছে, অর্থাৎ হাজারো স্ন্যাপ সংরক্ষিত, তাদের জন্য আসছে বাড়তি স্টোরেজ প্ল্যান। প্রাথমিকভাবে তিনটি প্ল্যান থাকবে— ১০০ গিগাবাইট, ২৫০ গিগাবাইট (স্ন্যাপচ্যাট+ ব্যবহারকারীদের জন্য) এবং ৫ টেরাবাইট (স্ন্যাপচ্যাট প্ল্যাটিনাম)।
৫ গিগাবাইটের বেশি মেমোরিজ থাকা ব্যবহারকারীদের জন্য স্ন্যাপচ্যাট ১২ মাসের জন্য অস্থায়ী স্টোরেজ সুবিধা দেবে। যেকোনো সময় ব্যবহারকারীরা নতুন স্টোরেজ প্ল্যানে আপগ্রেড করতে পারবেন। চাইলে সরাসরি নিজের ডিভাইসে মেমোরিজ ডাউনলোডও করা যাবে।
স্ন্যাপচ্যাট জানিয়েছে, বিনামূল্যে দেওয়া একটি সেবা থেকে অর্থপ্রদানে যাওয়া সহজ নয়, তবে ব্যবহারকারীর মূল্যবান মুহূর্তগুলোর নিরাপত্তা ও উন্নত অভিজ্ঞতার জন্য এই পরিবর্তন অপরিহার্য। নতুন এই উদ্যোগের মাধ্যমে পুরো স্ন্যাপচ্যাট কমিউনিটির জন্য মেমোরিজকে আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি







