গ্রামীণফোন–চাটনিঅ্যাডস চুক্তি, মুদি দোকানের ডিজিটাল স্ক্রিনে বিজ্ঞাপন

গ্রামীণফোন–চাটনিঅ্যাডস চুক্তি, মুদি দোকানের ডিজিটাল স্ক্রিনে বিজ্ঞাপন
১৪ মার্চ, ২০২৬ ১১:০৪  

মুদি দোকানের ডিজিটাল স্ক্রিনে বিজ্ঞাপন দেখাবে গ্রাহক সংখ্যায় দেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটর গ্রামীণফোন। এ লক্ষ্যে ডিজিটাল আউট-অফ-হোম বিজ্ঞাপন প্ল্যাটফর্ম চাটনিঅ্যাডস এর সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে অপারেটরটি।

এই চুক্তির আওতায় দেশের প্রায় ১৪টি গুরুত্বপূর্ণ সমাগমস্থলে অবস্থিত ১৫০টির বেশি মুদি দোকানে চাটনিঅ্যাডসের ডিজিটাল স্ক্রিনে গ্রামীণফোনের বিজ্ঞাপন প্রচার করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৪ মার্চ, শনিবার সম্প্রতি সম্পাদিত এই চুক্তির তথ্য প্রকাশ করলো প্রিয়শপ মালিকানাধীন চাটনিঅ্যাডস। 

প্রতিষ্ঠানটি বলছে, এই উদ্যোগের ফলে মুদি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা ক্রেতারা কেনাকাটার পাশাপাশি ডিজিটাল স্ক্রিনে গ্রামীণফোনসহ বিভিন্ন শীর্ষ ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখতে পাবেন। এর মাধ্যমে অল্প সময়েই হাজারো গ্রাহকের কাছে ব্র্যান্ড ও তথ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

গ্রামীণফোন ছাড়াও চাটনিঅ্যাডস বর্তমানে এসএমসি-এর সঙ্গে সচেতনতা কার্যক্রমে কাজ করছে। পাশাপাশি ওয়াটারএইড, এসিআই সল্ট, লিওনা, ইজি ট্র্যাক ও স্বপ্ননিবাসসহ বিভিন্ন ব্র্যান্ড এই ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে।

চাটনিঅ্যাডস হলো দেশের ইনক্লুসিভ বি২বি কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপ-এর একটি উদ্যোগ। দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (MSME) নিয়ে কাজ করা প্রিয়শপের এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন মুদি দোকানগুলো ধীরে ধীরে ডিজিটাল মিডিয়া টাচপয়েন্টে রূপ নিচ্ছে।

চাটনিঅ্যাডসের সহ-প্রতিষ্ঠাতা দীপ্তি মন্ডল বলেন, দেশের শক্তিশালী রিটেইল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ব্র্যান্ডগুলো সহজেই তাদের লক্ষ্যভিত্তিক গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে। গ্রামীণফোনসহ শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে এই অংশীদারিত্ব সেই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

ডিবিটেক/এনএ/ইকে