তথ্য ও প্রযুক্তি বিভাগে ৫ পদে চাকরির সুযোগ
১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। ৫ ক্যাটাগরির পদে মোট ২৪ জনকে নিয়োগ দিতে ওয়েবে আবেদন গ্রহণ শুরু করেছে আইসিটি বিভাগ। আগামী ৩০ মার্চ পর্যান্ত এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থরা।
১০ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের কাজ। কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর ও অফিস সহায়ক পদে প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে। আর সহকারি-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য।
অফিস সহায়ক পদে আবেদন ফি বাবদ ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ ৫৬ টাকা হলেও বাকি পদগুলোর জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ ১১২ টাকা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩তম গ্রেডে ১১,০০০-২৬,৫৯০ টাকার স্কেলে ২ কম্পিউটার অপারেটর নিয়োগ দিচ্ছে আইসিটি বিভাগ। এই পদের প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
ক্যাশিয়ার পদটি ১৪তম গ্রেডের। এখানে বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি; কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে; এবং কম্পিউটারে word processingসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে একজনকে নিয়োগ দেয়া হবে।
১৬তম গ্রেডে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। এই পদের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। নেয়া হবে দুই জন।
একই গ্রেডে এবার ৫ জন অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দিচ্ছে আইসিটি বিভাগ। এই পদের নিয়োগ পেতে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ; কম্পিউটারে word processingসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগে ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪ জন অফিস সহায়ক নিয়োগ দিতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।







