পেন্টাগনের সঙ্গে চুক্তির প্রতিবাদে ওপেনএআইয়ের রোবটিক্স প্রধানের পদত্যাগ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই-এর রোবটিক্স ও কনজিউমার হার্ডওয়্যার বিভাগের প্রধান ক্যাটলিন কালিনোস্কি পদত্যাগ করেছেন। শনিবার (৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, পেন্টাগনের (মার্কিন প্রতিরক্ষা দপ্তর) সঙ্গে ওপেনএআই-এর সাম্প্রতিক চুক্তি নিয়েই তার এই সিদ্ধান্ত। খবর রয়টার্স।
গত সপ্তাহে ওপেনএআই মার্কিন প্রতিরক্ষা দপ্তরের শ্রেণিবদ্ধ ক্লাউড নেটওয়ার্কে তাদের এআই মডেল স্থাপনে সম্মত হয়। কালিনোস্কি অভিযোগ করেন, এই চুক্তি স্বাক্ষরের আগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা (গার্ডরেইল) সংজ্ঞায়িত না করেই দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়া হয়েছে।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এআই-এর জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বিচার বিভাগের তদারকি ছাড়া আমেরিকানদের ওপর নজরদারি এবং মানব অনুমোদন ছাড়া প্রাণঘাতী স্বায়ত্তশাসন—এই সীমারেখাগুলো আরও গভীর আলোচনার দাবি রাখে। সেটি তারা পায়নি।” তিনি আরও বলেন, এটি ব্যক্তি নয়, নীতির প্রশ্ন এবং ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও দলের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে।
কালিনোস্কির এই পদত্যাগের ঘটনা ঘটেছে যখন এআই প্রতিষ্ঠানগুলো মার্কিন সামরিক বাহিনীকে কতটা সহায়তা দেবে, তা নিয়ে তীব্র বিতর্ক চলছে। এর আগে অ্যানথ্রপিক প্রতিষ্ঠানের সঙ্গে পেন্টাগনের আলোচনা ভেঙে যায়, কারণ অ্যানথ্রপিক গার্হস্থ্য নজরদারি ও স্বায়ত্তশাসিত অস্ত্র ব্যবস্থায় তাদের প্রযুক্তি ব্যবহারের ওপর কঠোর সীমাবদ্ধতা চেয়েছিল । অ্যানথ্রপিকের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই ওপেনএআই পেন্টাগনের সঙ্গে চুক্তি সম্পন্ন করে।
ওপেনএআই অবশ্য দাবি করছে, তাদের চুক্তিতে ‘রেড লাইন’ (লাল সীমারেখা) পরিষ্কারভাবে উল্লেখ করা আছে—যা গার্হস্থ্য নজরদারি ও স্বায়ত্তশাসিত অস্ত্রে তাদের প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ করবে। প্রতিষ্ঠানটির মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা বিশ্বাস করি পেন্টাগনের সঙ্গে আমাদের চুক্তি জাতীয় নিরাপত্তায় এআই-এর দায়িত্বশীল ব্যবহারের একটি কার্যকর পথ তৈরি করে। আমরা স্বীকার করি এসব বিষয়ে মানুষের শক্তিশালী মতামত রয়েছে এবং আমরা কর্মী, সরকার ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা চালিয়ে যাব”।
কালিনোস্কি ২০২৪ সালের নভেম্বরে ওপেনএআই-এ যোগ দেন। এর আগে তিনি মেটা প্ল্যাটফর্মস-এ প্রায় আড়াই বছর অগমেন্টেড রিয়েলিটি (এআর) গ্লাস ‘ওরিয়ন’-এর উন্নয়নে নেতৃত্ব দেন। এর আগে মেটার অধীনস্থ ওকুলাসে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট এবং অ্যাপলে ম্যাকবুক প্রো ও এয়ার মডেলের ডিজাইনে কাজ করেছেন তিনি।
ডিবিটেক/বিএমটি







