১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
৪ মার্চ, ২০২৬ ০৮:১৪  

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। 

সেই পরিক্রমায়  ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন ৪ মার্চ, বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে আগামী ১৪ মার্চের ট্রেনের আসনের টিকিট বিক্রি। সকালে রেলওয়ের পশ্চিমাঞ্চলেরটিকিট পাওয়া গেলেও দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের  সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। 

 যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে,  ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে, যা চলবে ১৯ মার্চ পর্যন্ত। সে অনুযায়ী ২৩ থেকে ২৯ মার্চের যাত্রার টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে। 

ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে পাঁচ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সংযুক্ত করা হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিবিটেক/এমএআর/ইকে