চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্মার্টফোনের চার্জার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বাড়ি ভস্মীভূত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার পোলাডাঙ্গা গ্রামে সংঘটিত এই অগ্নিকাণ্ডে প্রায় ৯ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে
জানা গেছে, পোলাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল চার্জ দেয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির ভিতর থেকে পার্শ্ববর্তী মো. তারা, মো. তরিকুল ইসলাম ও মোসা. চান্দু বেগমের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত বিষয়ে ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে চারটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চারটি বাড়ির আসবাবপত্র, খাদ্যশস্য এবং আলমারিতে রাখা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।
এ বিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ বলেন, ঘটনাটির খবর পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার ব্যবস্থা করা হবে।