গ্রাহকদের ডিজিটাল সেবার মানোন্নয়নে জেডটিই’র সাথে নতুন বিনিয়োগে বাংলালিংক
দেশের কোটি গ্রাহকের দৈনন্দিন ডিজিটাল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার লক্ষ্যে প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই’র সঙ্গে নতুন কৌশলগত বিনিয়োগে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক।
বাংলালিংকের প্রধান কার্যালয়ে গত ২৩ নভেম্বর ২০২৫ রবিবার, এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
এই অংশীদারিত্বের মাধ্যমে, আগামী প্রজন্মের জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে রাজধানী ঢাকার অগ্রাধিকারপ্রাপ্ত সাইটগুলোকে আপগ্রেড করছে বাংলালিংক।
এ অংশীদারিত্ব নিয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, “ডিজিটাল সেবা এখন মানুষের প্রাত্যহিক জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। নিজেদের মধ্যে যোগাযোগ, শেখা কিংবা সৃজনশীল যেকোন কাজ করা—সব ক্ষেত্রেই এসব সেবা ভূমিকা রাখছে। আমাদের লক্ষ্য খুবই সহজ—মাইবিএল, টফি, রাইজ এবং আমাদের ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে গ্রাহকদের সর্বত্র এবং জীবনের প্রতিটি মুহূর্তে আরও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়া। জেডটিই এর সঙ্গে নতুন এই বিনিয়োগ গ্রাহকের ডিজিটাল অভিজ্ঞতার ভিত্তিকে আরো শক্তিশালী করে, যা সত্যিকার অর্থে তাদের প্রয়োজনের প্রতি যত্নশীল। একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্রতিষ্ঠান হয়ে ওঠার বাংলালিংকের আকাঙ্ক্ষারই প্রতিফলন এই পদক্ষেপ। লক্ষ্য শুধু দেশকে সংযুক্ত রাখা নয়, বরং প্রতিটি মুহূর্তে নির্ভরযোগ্য ও অর্থবহ ডিজিটাল সেবা দিয়ে মানুষের জীবনকে আরও সমৃদ্ধ করা।”
জেডটিই গ্লোবাল অফিসের ব্যবস্থাপনা পরিচালক লিয়াউ হুই বলেন, “ঢাকার রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে জেডটিই ও বাংলালিংক নিজেদের মধ্যকার কৌশলগত সহায়তা ও অংশীদারিত্ব আরও জোরদার করছে। জেডটিইর অত্যাধুনিক প্রযুক্তি, যেমন: উদ্ভাবনী, সবুজ প্রযুক্তি ও এআই-ভিত্তিক সমাধান, ব্যবহারের মাধ্যমে বাংলালিংকের নেটওয়ার্ক অবকাঠামোর ভিত্তি আরও শক্তিশালী হবে। এ উদ্যোগ ভিওন গ্রুপ ও বাংলালিংককে দেশে ‘ডিজিটাল অপারেটর’ কৌশল বাস্তবায়নে সহায়তা করবে, যার লক্ষ্য বাংলাদেশের মানুষের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা।”
ডিবিটেক/এমআর/ইক



