বাজারে ফেরার চেষ্টায় চীনে যাচ্ছেন এনভিডিয়ার সিইও
কৃত্রিম বুদ্ধিমত্তা চিপের গুরুত্বপূর্ণ বাজার চীনে আবার প্রবেশের লক্ষ্য নিয়ে চলতি জানুয়ারির শেষ দিকে দেশটিতে সফরের পরিকল্পনা করছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, চীনা নববর্ষের আগে এনভিডিয়ার বিভিন্ন করপোরেট আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বেইজিং সফরও করতে পারেন।
তবে এই সফরে তিনি চীনের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। সম্ভাব্য বৈঠক নিশ্চিত হওয়ার ওপর নির্ভর করে সফরের সূচি পরিবর্তনও হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে রয়টার্স তাৎক্ষণিকভাবে তথ্য যাচাই করতে পারেনি এবং এনভিডিয়া আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এই উদ্যোগটি এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সম্প্রতি এনভিডিয়ার দ্বিতীয় সর্বাধিক শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ ‘এইচ২০০’ চীনে বিক্রির অনুমোদন দিয়েছে। এতে করে দীর্ঘদিনের কড়াকড়ির পর চীনে চিপ সরবরাহের পথ কিছুটা খুলে যাওয়ার আশা তৈরি হয়।
তবে অনুমোদনের পরদিনই চীনের শুল্ক কর্তৃপক্ষ জানায়, এইচ২০০ চিপ দেশটিতে প্রবেশের অনুমতি পায়নি। ফলে এনভিডিয়ার চীনা বাজারে ফেরার পথ এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।
ডিবিটেক/বিএমটি







