উইন্ডোজ ১১–এর নতুন আপডেটে ত্রুটি
২০২৬ সালের শুরুতেই উইন্ডোজ ১১–এর প্রথম নিরাপত্তা আপডেট নিয়ে বিপাকে পড়েছে মাইক্রোসফট। চলতি মাসের ১৩ জানুয়ারি প্রকাশিত ওই আপডেট ইনস্টল করার পর কিছু কম্পিউটার ঠিকভাবে বন্ধ (শাটডাউন) বা হাইবারনেট হচ্ছিল না।
শাটডাউন ইস্যুর পাশাপাশি রিমোট ডেস্কটপের মাধ্যমে লগইন করতেও সমস্যায় পড়েন কিছু ব্যবহারকারী। পরিস্থিতি সামাল দিতে চার দিনের মাথায়, ১৭ জানুয়ারি, জরুরি ‘আউট-অফ-ব্যান্ড’ সংশোধনী আপডেট প্রকাশ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের তথ্যমতে, সমস্যাটি সীমিত পরিসরের হলেও গুরুতর। এটি শুধু উইন্ডোজ ১১–এর ২৩এইচ২ সংস্করণে, তাও এন্টারপ্রাইজ ও আইওটি সংস্করণে প্রভাব ফেলেছে। বিশেষ করে ‘সিকিউর লঞ্চ’ চালু থাকা ডিভাইসগুলো শাটডাউন বা হাইবারনেট হতে ব্যর্থ হচ্ছিল।
অন্যদিকে রিমোট সংযোগ ও প্রমাণীকরণজনিত ত্রুটি দেখা গেছে উইন্ডোজ ১১-এর নতুন সংস্করণ, উইন্ডোজ ১০-এর নির্দিষ্ট সংস্করণ এবং উইন্ডোজ সার্ভার ২০২৫–এও।
একসময় খুব বিরল হলেও সাম্প্রতিক সময়ে বারবার এমন জরুরি সংশোধনী দিতে হচ্ছে মাইক্রোসফটকে, যা সফটওয়্যার আপডেটের মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে।
ডিবিটেক/বিএমটি







