বেশকিছু এআই চিপ আমদানিতে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্কারোপ
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে যুক্তরাষ্ট্রের নিজস্ব সক্ষমতা বাড়াতে নতুন পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের জারি করা এক জাতীয় নিরাপত্তা আদেশে এনভিডিয়ার এইচ২০০ ও এএমডির এমআই৩২৫এক্সের মতো উচ্চক্ষমতার কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। বুধবার এই ঘোষণা আসে। খবর রয়টার্স।
হোয়াইট হাউস জানায়, ১৯৬২ সালের ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের সেকশন ২৩২-এর অধীনে নয় মাসের তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর উৎপাদনে বিনিয়োগ বাড়ানো এবং তাইওয়ানসহ বিদেশি উৎপাদন কেন্দ্রের ওপর নির্ভরতা কমানো। বর্তমানে যুক্তরাষ্ট্র নিজ প্রয়োজনের মাত্র প্রায় ১০ শতাংশ চিপ নিজে উৎপাদন করে—এ অবস্থাকে অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
তবে শুল্কের আওতা সীমিত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টার, স্টার্টআপ, ভোক্তা পর্যায়ের পণ্য, শিল্পকারখানা এবং সরকারি খাতে ব্যবহৃত চিপ এ শুল্কের বাইরে থাকবে। প্রয়োজনে আরও ছাড় দেওয়ার ক্ষমতা থাকবে বাণিজ্যমন্ত্রীর হাতে।
ঘোষণার পর এনভিডিয়া, এএমডি ও কোয়ালকমের শেয়ারে সামান্য দরপতন দেখা গেছে। বিশ্লেষকদের মতে, আপাতত চিপ আমদানিতে ট্রাম্প প্রশাসন তুলনামূলকভাবে সংযত অবস্থানই রাখছে।
ডিবিটেক/বিএমটি







