মুক্তপেশাজীবিরা যেন ঘরে বসে নিজে নিজেই জাতীয় ফ্রিল্যান্সার ডেটাবেজে নিজেদের নাম অন্তর্ভূক্ত করতে পারেন সে লক্ষ্যে চালু হচ্ছে ‘ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট’ পোর্টাল। আগামী ১৪ জানুয়ারি ফ্রিল্যান্সার বাংলাদেশ নামের পোর্টালটি উদ্বোধন করা হবে।
দেশের ফ্রিল্যান্সারদের ১১ জানুয়ারি, রবিবার রাতে এই সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেন, দেশের প্রথম ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সাইটের ভিএপিটি সম্পন্ন হয়েছে, আজ রিপোর্ট হাতে পেয়েছি। আগামী মঙ্গলবার শুভ উদ্বোধন।
এর আগে টপ রেটেড ফ্রিল্যান্সার ও আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপের অ্যাডমিন কাজী মামুনসহ অনেক ফ্রিল্যান্সারই অভিযোগ করেছিলেন, ‘ভুঁইফোড়’ সংগঠন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) আইডি কার্ড না নেওয়ায় ব্যাংকিং সেবা গ্রহণে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন ফ্রিল্যান্সাররা। তাদের অভিযোগ স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকিং তথ্য হালনাগাদ করতে গেলে তারা ফ্রিল্যান্সার আইডি কার্ড নামের একটি সনদ চায়। এই কার্ড ছাড়া ভেরিফিকেশন করার পন্থা জিজ্ঞেস করলে তারা জানায়, এই কার্ড থাকা বাধ্যতামূলক। পরবর্তী সময়ে এ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা চাওয়া হলে তারা দেখাতে ব্যর্থ হয় এবং স্বীকার করে ফ্রিল্যান্সার আইডি কার্ড থাকা বাধ্যতামূলক নয়। ফ্রিল্যান্সার আইডি কার্ড মূলত পুরোটাই ব্যক্তিগত সার্থ সিদ্ধির জন্য একটি মহল চালু করেছিল। দেশে রেমিট্যান্স নিয়ে আসার প্রক্রিয়া সহজ না করে কঠিন করে তুলছে এই সব অহেতুক সনদ। ফ্রিল্যান্সারদের ব্যাংকিং খাত দুর্নীতিমুক্ত করা হোক এবং এ ধরনের ‘ভুঁইফোড়’ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় এক দল ফ্রিল্যান্সার।
ফ্রিল্যান্সারা পেমেন্ট গেটওয়ে আরও সহজ করতে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপালের দাবি জানানোর মধ্যে দেশে ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সাইটের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। তিনি জানিয়েছেন, ওয়েবসাইটে অন্তর্ভুক্তির জন্য কোনো চার্জ নেওয়া হবে না।
অপরদিকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধারণ ফ্রিল্যান্সাররা বলছেন, এ ওয়েবসাইট থেকে ফ্রিল্যান্সারদের সনাক্ত করা সহজ হবে। এতে কারও একক আধিপত্য থাকবে না। স্বচ্ছতা বাড়বে। এটার জন্য অপেক্ষায় আছে অনেক ব্যাংক। আইডি সংক্রান্ত জটিলতার কারণে ব্যাংকের অ্যাকাউন্ট, ভিসা আবেদনসহ ঝামেলা পোহাতে হচ্ছে। এটি চালু হলে সেই সমস্যার সমাধান হবে।
ডিবিটেক/আইএইচ/এমইউএম