করপোরেট গভর্ন্যান্স অভিজ্ঞতা পুঁজিবাজারে

টেলিকম নির্বাহী এখন বিএসইসি কমিশনার

  • হোসেন সাদাত বিএসইসি কমিশনার
  • চার বছরের জন্য নিয়োগ
  • টেলিকম অভিজ্ঞতা পুঁজিবাজারে কাজে লাগবে

টেলিকম নির্বাহী এখন বিএসইসি কমিশনার
২৮ জুলাই, ২০২৬ ১১:০১  

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী হোসেন সাদাত, এফসিএস-কে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনার হিসেবে যোগদানের আগে তাকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

টেলিকম থেকে পুঁজিবাজারে

হোসেন সাদাত দেশের করপোরেট ও টেলিযোগাযোগ খাতের পরিচিত পেশাজীবী। তিনি দীর্ঘদিন গ্রামীণফোন-এ সিনিয়র ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স) ও কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। করপোরেট গভর্ন্যান্স, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয়, কমপ্লায়েন্স এবং শেয়ারহোল্ডার ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

বর্তমানে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশ্লেষকদের মতে, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা, স্বচ্ছতা, তথ্য প্রকাশ, নিয়ন্ত্রক কমপ্লায়েন্স এবং করপোরেট প্রশাসনে তাঁর অভিজ্ঞতা দেশের পুঁজিবাজারের সুশাসন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং বাজার সংস্কারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর করপোরেট রিপোর্টিং, ডিজিটাল কমপ্লায়েন্স এবং আধুনিক নিয়ন্ত্রক কাঠামো বাস্তবায়নে তাঁর অভিজ্ঞতা কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হতে পারে।

//ডিবিটেক/ ইএনও/ এনএএম//