হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যুক্ত হলো নতুন তিন ফিচার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যুক্ত হলো নতুন তিন ফিচার
৮ জানুয়ারি, ২০২৬ ০৯:৪১  

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটকে আরও কার্যকর করতে তিনটি নতুন ফিচার চালু করেছে। এসব ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ভূমিকা, বার্তা আদানপ্রদান এবং ইভেন্ট ব্যবস্থাপনায় বাড়তি সুবিধা পাবেন। খবর জিএসএম এরিনা।

খবরে বলা হয়, নতুন মেম্বার ট্যাগ সুবিধায় ব্যবহারকারীরা প্রতিটি গ্রুপে আলাদাভাবে নিজেদের ভূমিকা নির্ধারণ করতে পারবেন, যা অফিস, পরিবার বা বন্ধুবান্ধবের গ্রুপে পরিচয় স্পষ্ট করতে সহায়ক হবে। 

একই সঙ্গে যুক্ত হয়েছে টেক্সট স্টিকার ফিচার, যেখানে যেকোনো লেখা সরাসরি স্টিকারে রূপান্তর করা যাবে এবং তা সঙ্গে সঙ্গেই ব্যক্তিগত স্টিকার প্যাকে সংরক্ষণ করা সম্ভব। এতে সৃজনশীল প্রকাশ আরও সহজ হবে। 

তৃতীয় ফিচারটি হলো ইভেন্ট রিমাইন্ডার, যার মাধ্যমে গ্রুপে তৈরি করা ইভেন্টের জন্য আগাম নোটিফিকেশন সেট করা যাবে। ফলে বৈঠক, অনুষ্ঠান বা পরিকল্পিত আড্ডা ভুলে যাওয়ার সম্ভাবনা কমবে। 

নতুন এই আপডেটগুলো ধাপে ধাপে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। 

হোয়াটসঅ্যাপ বলছে, গ্রুপ অভিজ্ঞতা আরও সংগঠিত, ইন্টারঅ্যাকটিভ ও ব্যবহারবান্ধব করতেই এসব পরিবর্তন আনা হয়েছে, যা দৈনন্দিন যোগাযোগকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে তারা আশা করছে। বিশেষজ্ঞদের মতে গ্রুপ ব্যবস্থাপনায় এই ফিচারগুলো সময় সাশ্রয় ও সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যতে।

ডিবিটেক/বিএমটি