জেমিনি সমর্থিত মোবাইল ডিভাইস ৮০ কোটিতে নিতে চায় স্যামসাং

জেমিনি সমর্থিত মোবাইল ডিভাইস ৮০ কোটিতে নিতে চায় স্যামসাং
৫ জানুয়ারি, ২০২৬ ১০:৫৭  

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং চলতি বছরে গুগলের জেমিনি এআই–চালিত মোবাইল ডিভাইসের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। খবর রয়টার্স।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যামসাং ইলেকট্রনিকসের সহ–প্রধান নির্বাহী টি এম রোহ জানান, ২০২৫ সালের মধ্যে স্মার্টফোন ও ট্যাবলেটসহ প্রায় ৪০ কোটি ডিভাইসে জেমিনি–ভিত্তিক এআই সুবিধা চালু করা হয়েছিল। ২০২৬ সালে সেই সংখ্যা বাড়িয়ে ৮০ কোটিতে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোহ বলেন, দ্রুততম সময়ের মধ্যে সব পণ্য, ফিচার ও সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করাই স্যামসাংয়ের কৌশল। এতে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের সবচেয়ে বড় অংশীদার হিসেবে গুগলও বড় সুবিধা পাবে, বিশেষ করে ওপেনএআইসহ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বৈশ্বিক এআই প্রতিযোগিতায়।

স্যামসাং এই সমন্বিত এআই সেবার মাধ্যমে স্মার্টফোন, টেলিভিশন ও গৃহস্থালি যন্ত্রপাতির বাজারে অ্যাপল ও চীনা প্রতিদ্বন্দ্বীদের চাপে ফেলতে চায়। প্রতিষ্ঠানটির দাবি, গ্যালাক্সি এআই ব্র্যান্ডের পরিচিতি এক বছরে ৩০ শতাংশ থেকে বেড়ে ৮০ শতাংশে পৌঁছেছে, যা ভোক্তাদের দ্রুত এআই গ্রহণের ইঙ্গিত দিচ্ছে।

ডিবিটেক/বিএমটি