বিসিএস কার্নিভালে ব্যবসায় ৩ গুণ সম্প্রসারণের ঘোষণা

বিসিএস কার্নিভালে ব্যবসায় ৩ গুণ সম্প্রসারণের ঘোষণা
২০ ডিসেম্বর, ২০২৫ ০১:০২  
২০ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৭  

স্থবিরতা কাটিয়ে ফের ছন্দে ফিরলো বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। কার্য নির্বাহী কমিটির পদত্যাগ, প্রশাসক ও নির্বাচনের মাধ্যমে আবারও সদস্য পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটালো নতুন কার্য নির্বাহী কমিটি। ১৯ ডিসেম্বর, শুক্রবার, রাজধানীর শালদহ ইকো রিসোর্টে অনুষ্ঠিত হলো বিসিএস কার্নিভাল ২০২৫। 

রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে এই বার্ষিক সম্মিলনে অংশ নেয় ১৫ শতাধিক সদস্য। খেলাধূলা ও দিন ভর নানা প্রতিযোগিতার মাধ্যমে সন্ধ্যায় শেষ হয় এই বনভোজন।

আয়োজনে ছোটদের জন্য ছিল বিস্কুট ও ১০০ মিটার দৌড়, লুডু, দাবা, কবিতা আবৃত্তি, গান ও চিত্রাঙ্কন  প্রতিযোগিতা। পুরুষ সদস্যদের ফুটবল, ক্রিকেট, হাঁড়িভাঙা, রশি টানাটানি এবং নারীদের জন্য পিলোপাসিং প্রতিযোগিতা। পাশাপাশি আইসিটি খাতের নেতৃবৃন্দ, স্টেকহোল্ডার, উদ্যোক্তা এবং অংশীজনদের সঙ্গে পেশাগত মতবিনিময়, টিম বিল্ডিং কার্যক্রম। এছাড়াও অংশগ্রহণকারীরা ভেন্যু ভ্রমণ করার জন্য বৈদ্যুতিক গাড়িতে ভ্রমণ, ক্যাবলে চড়া, বোটিং, সুইমিং, ছোট শিশুরা বিভিন্ন ধরনের খেলাধুলায় চমকপ্রদ সময় কাটিয়েছেন।

সমাপনীতে পূর্ব নির্ধারিত এই অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের প্রধনা সমন্বয়ক ও ঘাতকের বুলেটে নিহত শহীদ শরিফ ওসমান হাদি’র রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করা হয়। 

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার আগে দেয়া বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মাদ জহিরুল ইসলাম বলেন, গতকালই আমাদের দেশের একজন সম্পদ শরিফ ওসমান হাদিকে হারিয়েছি। ইনকিলাব মঞ্চ থেকে তিনি যেসব কথা বলেছেন, তার পুরোটাই যথার্থ। তাকে হত্যা করে আমাদের স্পিরিট,ইচ্ছা ও উদ্দেশের পথে বাধা সৃষ্টি করা হয়েছে। তার প্রত্যেকটি কথাই আমাদের বাস্তবায়ন করা দরকার। তার মতো তরুণ প্রাণ দুষ্কৃতকারিদের বুলেটের আঘাতে অকালে ঝড়ে গেল। আমাদের দেশের একটা অপুরণীয় ক্ষতি। তার প্রতিটি কথাই দেশের উন্নয়নের জন্য দরকার।  আমরা আশা করবো, শরিফ ওসমান হাদি একাই নয়। এমন আরও হাদিকে আমাদের ধারণ করতে হবে। 

বক্তব্যে জুলাই অভ্যুত্থানের পর বিসিএস-এ যে শুন্যতা তৈরি হয়েছিলো তা কমিয়ে বর্তমান ও ভবিষ্যত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কম্পিউটার বাজারের ব্যাপ্তি বাড়ানের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এই ব্যবসায়ী নেতা। তিনি বলেন, আসিটি খাতের বতর্মান বাজারের আকার ৩ গুণ বাড়াতে আমরা কাজ করছি। এজন্য বাজেটে আইসিটি খাতে বরাদ্দ ন্যুনতম ১ শতাংশে উন্নীত করতে কাজ শুরু করেছি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জানুয়ারি থেকে দেড় বছরের একটি কর্মপরিকল্পনা প্রকাশ করবো। 
  
অনুষ্ঠানে মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. ইকবাল হোসাইন, বিসিএস-এর সাবেক মহাসচিব ও স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনের সঞ্চালনায় ছিলেন বিসিএস পরিচালক মো. ইকবাল হোসাইন। অভ্যর্থনা এবং অতিথি ব্যবস্থাপনা পরিচালনায় ছিলেন বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম এবং ইভেন্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব আবু তুহিন চৌধুরী। কো-কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন কোষাধ্যক্ষ আবুল হাসান। পরিবহন ব্যবস্থাপনায় ছিলেন পরিচালক মো. নজরুল ইসলাম হাজারী। খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের দায়িত্বে ছিলেন সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু এবং যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ।

অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান ছিল আসুস, ব্রাদার, কিউডি, দাহুয়া, ডেল, ডিজিটালএক্স, ইপসন, লেনেভো (গ্লোবাল ব্র্যান্ড পিএলসি), জেস্কিল, হিকভিশন, এইচপি, এআইটিসি কিংসম্যান (মিজান ট্রেড), পেন্টাম, ডিভেজ্ঞার (ইউসিভি), রায়ান্স কম্পিউটারস, লেনেভো (স্মার্ট টেকনোলজিস লি.), স্টার-টেক ইঞ্জিনিয়ারিং লি., টেন্ডা (সাউথবাংলা কম্পিউটার), টোটোলিংক, টিপিলিংক, এক্সেল টেকনোলজিস লি., ট্রান্সসেন্ড, ইউসিসি, ইউনিভিউ, কম্পিউটার সিটি টেকনোলজিস লি., ডিসিসি (ঢাকা কম্পিউটার সিটি), ড্রিম টেক, এটুজেড, কিংস্টোন (মার্ভেলাস কম্পিউটার), হেন্স বাংলাদেশ।
বিসিএস/ইউজ/এমইউএম