বন্ধ হলো ফেসবুক মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ
ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য ফেসবুক মেসেঞ্জারের স্বতন্ত্র অ্যাপ আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে মেটা। ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে ম্যাক ও উইন্ডোজের জন্য মেসেঞ্জারের নেটিভ অ্যাপ আর ব্যবহারযোগ্য থাকছে না। বর্তমানে বিদ্যমান ব্যবহারকারীদের মেসেঞ্জার ব্যবহারের জন্য ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করতে নির্দেশনা দেওয়া হচ্ছে। খবর টেকক্রাঞ্চ।
কোভিড–১৯ মহামারির শুরুতে চালু হওয়া এই ডেস্কটপ অ্যাপটি ধীরে ধীরে গুরুত্ব হারায়। ভিডিও কলে অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত থাকা, স্ক্রিন শেয়ারিংয়ের অভাব এবং সহজে শেয়ারযোগ্য লিংকের সুবিধা না থাকায় এটি জুমের মতো বাণিজ্যিক সেবার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারেনি।
এর আগেই মেটা মেসেঞ্জারকে আবার ফেসবুক অ্যাপের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেয়। প্রযুক্তিগত দিক থেকেও ডেস্কটপ সংস্করণে একাধিক পরিবর্তন আনা হয়, যা ব্যবহারকারীদের সন্তুষ্ট করতে ব্যর্থ হয়। ফলে স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপের চাহিদা কমতে থাকে।
অক্টোবরে মেটা জানিয়ে দেয় যে বছরের শেষ নাগাদ অ্যাপটি বন্ধ হবে এবং ব্যবহারকারীদের ওয়েবে স্থানান্তরের প্রস্তুতি নিতে বলে। ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া যারা মেসেঞ্জার ব্যবহার করতেন, তারা এখন মেসেঞ্জার ডট কমের মাধ্যমে সেবাটি চালিয়ে যেতে পারবেন।
ডিবিটেক/বিএমটি



