ইসি’র ওয়েবে যুক্ত হলো এনসিপির শাপলা কলির স্কেচ

ইসি’র ওয়েবে যুক্ত হলো এনসিপির শাপলা কলির স্কেচ
২৬ নভেম্বর, ২০২৫ ২০:৫৭  

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য বরাদ্দকৃত অফিসিয়াল মার্কা শাপলা কলির স্কেচ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সংসদ নির্বাচনে ব্যালটে ইসির নির্ধারিত এই স্কেচ অনুযায়ী প্রতীক থাকবে এনসিপির।

২৬ নভেম্বর, বুধবার  নির্বাচন কমিশন ‘শাপলা কলি’ প্রতীক নির্ধারণ করেছে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। 

তিনি এক বার্তায় জানান, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নির্বাচনি প্রতীক হিসেবে গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রদত্ত ‘শাপলা কলি’ প্রতীক ব্যবহারের অনুরোধ রইলো সবার প্রতি।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নামের পাশে নিজ নিজ দলের প্রতীকের ছবি থাকে। এই তালিকায় এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যুক্ত হওয়ার পর প্রতীকের ঘর এতদিন খালি ছিল। বুধবার এনসিপির নামের পাশে শাপলা কলি প্রতীকের স্কেচ যুক্ত করেছে ইসি। তবে এখনও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কবাদী) নামের পাশে প্রতীকের স্কেচ যুক্ত করা হয়নি।

এর আগে এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি। ইসির চূড়ান্ত সিদ্ধান্তে এনসিপিকে ‘শাপলা কলি’ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক ‘কাঁচি’ প্রতীক দেওয়া হয়।

ডিবিটেক/জিএন/ইএইচ/