মেট্রোরেল নিয়ে গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের

মেট্রোরেল নিয়ে গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের
১ নভেম্বর, ২০২৫ ১০:১৭  

মেট্রোরেলে আগুন লেগেছে! মেট্রোরেল ভেঙে পড়ে পথচারির মৃত্যু! এমন দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত দুইটি ভিডিওই এআই জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি) বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফার্মগেইটের দুর্ঘটনার পর মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু নিয়ে ১২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, মেট্রোরেলের চলাচলের রাস্তার নিচ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে। পরক্ষণেই এর ওপর দিয়ে একটি ট্রেন যাওয়ার সময় রাস্তা ভেঙে নিচে পড়ে যাচ্ছে। কোথাও দাবি করা হয়েছে, এটি রাজধানীর ফার্মগেটের ঘটনা। 

ঢাকায় চলাচলরত মেট্রোরেলে আগুন লেগেছে দাবিতে ফেসবুকে ছড়ানো আরেকটি ভিডিতে দেখা যায়, মেট্রোরেলের একটি ট্রেন লাইনের ওপর কাত হয়ে পড়ে আছে এবং একটি অংশে আগুন জ্বলছে। মেট্রোরেলের লাইনের নিচে পথচারীরা ওই দৃশ্যের ভিডিও ধারণ করছেন।

ফ্যাক্টওয়াচ শুক্রবার (৩১ অক্টোবর) জানায়, উভয় ভিডিওই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এআই জেনারেটেড 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ঢাকায় মেট্রোরেলে সম্প্রতি এমন কোনো আগুনের ঘটনা ঘটেনি। ট্রেনটি যেভাবে কাত হয়ে ঝুলছে তা দৃশ্যত স্বাভাবিক নয়। দেশীয় সংবাদমাধ্যমেও ঢাকায় মেট্রোরেলে আগুন লাগার কোনো তথ্য পাওয়া যায়নি।

ডিপফেক শনাক্তের টুল ‘হাইভ মডারেশন’ ভিডিওটিকে বিশ্লেষণ করে জানায়, এটি এআই জেনারেটেড কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ। 

এ ছাড়া ডিপফেক শনাক্তের আরেক টুল ‘ডিপফেক-ও-মিটার’ ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে। ফলে ফ্যাক্টওয়াচ মেট্রোরেলে আগুন লেগেছে দাবিতে প্রচারিত ভিডিওগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

ফ্যাক্টওয়াচ জানায়, গত বছর থেকে ভারতীয় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে অন্তর্বর্তী সরকার এবং ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনগুলোর বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ওয়েবসাইট ডিপ ফেইক-ও-মিটারের সাহায্যে অপর ভিডিও যাচাই করে দেখা গেছে, গত ২৬ অক্টোবর রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। এতে এক পথচারীর মৃত্যু হয়। এই ঘটনার সঙ্গে আলোচিত ভিডিওটির কোনো মিল পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওতে মেট্রোরেলের চলাচলের রাস্তার পাশে রেলিং রয়েছে। ঢাকায় নির্মিত মেট্রোরেলের চলাচলের পথে এই ধরনের রেলিং দেখা যায় না। রেলিং ভেঙে পড়ার দৃশ্যটিও অস্বাভাবিক। প্রচারিত ভিডিওটি শতভাগ এআই দিয়ে তৈরি।